শর্তসাপেক্ষে কলকাতা হাই কোর্টে জামিন পেলেন ইউটিউবার শর্মিষ্ঠা পানোলির

Spread the love

রোজদিন ডেস্ক, কলকাতা:- কলকাতা হাই কোর্টে ইউটিউবার শর্মিষ্ঠা পানোলির জামিন মঞ্জুর। ১০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করেন বিচারপতি রাজা বসু চৌধুরী। তদন্তে সহযোগিতার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।
২২ বছরের শর্মিষ্ঠা কলকাতার আনন্দপুরের বাসিন্দা। সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি পোস্টের কারণে বিতর্ক শুরু হয়। যদিও পরে তা মুছে দেন তিনি। এমনকি ওই পোস্টের জন্য ক্ষমাও চান সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা। যদিও বিতর্ক থামেনি। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগ তুলে মামলা দায়ের করেছিলেন ওয়াজাহাত খান নামে এক ব্যক্তি। এবিষয়ে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের হয়েছিল। এরপর হরিয়ানার গুরুগ্রাম থেকে ওই আইনের ছাত্রীকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ। কলকাতা হাইকোর্ট মঙ্গলবার তাঁর অন্তর্বর্তী জামিনের আর্জি খারিজ করে জানিয়েছিল, বাক স্বাধীনতার অর্থ ধর্মীয় অনুভূতিতে আঘাত করা নয়।
বৃহস্পতিবার শর্মিষ্ঠার জামিন মঞ্জুর করেছেন বিচারপতি। তবে শর্ত দেওয়া হয়েছে, আগামী তিন মাস কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত থাকতে পারবে না। পাশাপাশি তদন্তকারী আধিকারিকের সঙ্গে সহযোগিতা করতে হবে তাঁকে। আদালতের নির্দেশ, তরুণী যদি পড়াশোনার জন্য পুনে যেতে চান, সেক্ষেত্রে আদালতের অনুমতি নিয়ে যেতে পারবেন। তবে আপাতত বিদেশ যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*