রোজদিন ডেস্ক : শহিদ দিবসে খাদ্য আন্দোলনের শহিদদের শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই সঙ্গে তোপ দাগলেন বামফ্রন্ট, বিজেপিকেও। বামেদের বিরুদ্ধে তাঁর অভিযোগ, ওরা খাদ্য আন্দোলনের ভান করেছিল, কিন্তু ওদের আমলেই রাজ্যে অনাহারে মৃত্যু হয়েছিল। আমলাশোলের কথা কেউ ভোলেননি বলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন। আর বিজেপি তো মানুষকে শুধু ভাষায় না, ভাতেও মারে বলে তীব্র ধিক্কার জানান তিনি। বলেন, রাজ্যের টাকা আটকে রেখে বিজেপি এখানকার মানুষকে মারতে চায়।
উল্লেখ্য, ১৯৫৯ সালে বামপন্থীদের নেতৃত্বে খাদ্য আন্দোলনে উত্তাল হয়েছিল রাজ্য। কলকাতায় পুলিশের গুলিতে ৮০ জন মর্মান্তিকভাবে প্রাণ হারান। পরদিন এই ঘটনার প্রতিবাদে ছাত্রদের মিছিলে পুলিশ গুলি চালালে ৬ জন প্রাণ হারান। বামপন্থীরা প্রতি বছর এই দিনটি শহিদ দিবস হিসাবে পালন করেন।

এইদিন মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় শহিদ দিবসে নুরুল ইসলাম-সহ অন্যদের শ্রদ্ধা জানিয়ে যেভাবে বামপন্থী-সহ বিজেপিকে তীব্র আক্রমণ করেছেন, এর নেপথ্যে আগামী বছরের বিধানসভা নির্বাচন আছে বলে রাজনৈতিক মহল মনে করেন।
বিরোধীদের ধিক্কার জানানোর পাশে মুখ্যমন্ত্রী তাদের সরকার রাজ্যের খাদ্য সমস্যা সমাধানে যে সব ব্যবস্থা নিয়েছেন, তার ঢালাও বিবরণ দেন। বলেন, তাঁরাই খাদ্যসাথী প্রকল্প সহ যে সব ব্যবস্থা নিয়েছেন, সারা দেশে তা মডেল। কবি ভারতচন্দ্রের উল্লেখ করে তিনি আরও বলেন, “আমার সন্তান যেন থাকে দুধে ভাতে” এই কথা এখন রাজ্যে বাস্তব হয়েছে। এখানে কোন অন্নাভাব নেই।
মমতা আরও জানান, খাদ্যসাথী প্রকল্প এ রাজ্যে ৮ কোটি ৩০ লক্ষ মানুষ বিনামূল্যে রেশন পান। এর জন্য সরকার ১ লক্ষ ৫ হাজার কোটি টাকা খরচ করেছে। দুয়ারে রেশন প্রকল্পেও ৭ কোটি ৪০ লক্ষ মানুষ রেশন তোলেন। এই বছর চাল সরবরাহের জন্য ৫৬.৩৬ লক্ষ মেট্রিক টন চাল সংগ্রহ হয়েছে। রাজ্যের ২ কোটি মানুষকে তারা দারিদ্র্য সীমার বাইরে এনেছেন বলেও দাবি করেন মুখ্যমন্ত্রী।
অন্যদিকে বামফ্রন্ট-সহ বিভিন্ন সংগঠন-এর পক্ষে এইদিন নানা অনুষ্ঠানের মাধ্যমে শহিদ দিবস পালিত হয়।

Be the first to comment