রোজদিন ডেস্ক : ভোটার তালিকা নিয়ে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের নেতৃত্বে ভোটার অধিকার যাত্রার সমাপ্তিতে যোগ দিতে পাটনা যাচ্ছেন তৃণমূল-এর দুই প্রতিনিধি সাংসদ ইউসুফ পাঠান ও জাতীয় নেতা ললিতেশ ত্রিপাঠি। দলের দুই বিশিষ্ট নেতার ইন্ডিয়া জোটের এই সমাবেশে যোগদান বিরোধী জোটের ঐক্য আরও মজবুত করবে বলে রাজনৈতিক মহল মনে করেন।

বিজেপির বিরুদ্ধে বিভিন্ন রাজ্যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি ও এসআইআরের প্রতিবাদে লোকসভার নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে গত ১৭ আগস্ট এই ভোট অধিকার যাত্রার সূচনা হয়। বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা লালুপ্রসাদ পুত্র তেজস্বী যাদব-সহ বিরোধী পক্ষের বিশিষ্ট নেতারা ১৬ দিনের এই যাত্রায় অংশ নিয়েছেন। ভোটমুখি বিহারের সাসারামে গত ১৭ আগস্ট শুরু হওয়া এই যাত্রা ইতিমধ্যে ২৩টি জেলা ও ১৩০০ কি.মি. পথ অতিক্রম করেছে। সোমবার পাটনায়-এর সমাপ্তি হবে।
ইউসুফ পাঠান ও ললিতেশ ত্রিপাঠি-কে ওই অনুষ্ঠানে পাঠানোর সিদ্ধান্তে দলের নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নিপুণ রাজনৈতিক মস্তিষ্ক কাজ করেছে বলে তথ্যভিজ্ঞ মহল মনে করেন। ইউসুফ পাঠান প্রাক্তন জনপ্রিয় ক্রিকেটার, ললিতেশ ত্রিপাঠি ইউ.প- র প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলাপতি ত্রিপাঠির পুত্র। উভয়ই বিহারের পরিচিত মুখ।
ভোটমুখি বিহারে এই ভোট অধিকার যাত্রা ব্যাপক সাড়া জাগিয়েছে বলে বিরোধী পক্ষের দাবি। তামিলনাড়ু, ঝাড়খণ্ড-এর মুখ্যমন্ত্রী স্ট্যালিন, হেমন্ত সোরেন, ইউ.পি-র প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব প্রমুখ বিশিষ্ট নেতারা বিভিন্ন সময়ে এই যাত্রায় অংশ নিলেও তৃণমূল কংগ্রেস-এর শীর্ষ নেতাদের কেউ না যাওয়ায় বিভিন্ন মহলে গুঞ্জন ওঠে। যদিও এই দলগুলির মত রাজ্যের শাসক দল কংগ্রেসের ভোটসঙ্গী নয়।
সমাপ্তি দিবসে দুই বিশিষ্ট নেতাকে প্রতিনিধি হিসাবে পাঠানোর সিদ্ধান্ত নিয়ে দল সেই গুঞ্জনে জল ঢাললো। বিরোধীদের সম্মিলিত ঐক্য, গণতন্ত্র রক্ষায় তারা সব সময় পাশে আছেন বলে এর মাধ্যমে বার্তা দিলেন তারা।

Be the first to comment