রোজদিন ডেস্ক : শীর্ষ আদালতের নির্দেশ অনুসারে শনিবারই ‘দাগি অযোগ্য’দের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। তালিকায় ১৮০৬ জনের নাম রয়েছে।
সেই ব্যাপারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, “এখানে অনেকেই রাজনৈতিক সুপারিশে চাকরি পেয়েছেন। তাছাড়া অনেকেই আছেন, গয়নাগাটি, গরু-বাছুর, জমি বিক্রি করে টাকা দিয়ে চাকরি পেয়েছেন। স্বাভাবিকভাবেই এঁরা সুপ্রিম কোর্টের ভাষায় ‘দাগি’। আর মহাদাগি হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এতদিন জনসভাতে, খবরে আমরা বলতাম, তাঁর সরকার চাকরি চোর। এখন সেটা নিজেরাই স্বীকার করে নিয়েছে।”
তিনি বলেন, “একটা চাকরিও কোনও নির্বাচিত সরকার অবৈধভাবে দিতে পারে না। গোটা ভারতবর্ষ দেখল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার অবৈধভাবে চাকরি দিয়েছে এবং চাকরিহারাদের যাঁরা ‘দাগি’ বলে চিহ্নিত হলেন, তাঁদের থেকেও মহাদাগি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।”
তাঁর কথায়, “এই দাগিদের মধ্যে ৯০ ভাগ টাকা দিয়ে চাকরি পেয়েছেন। অন্যদিকে পিছনের দরজা দিয়ে নেতা-মন্ত্রীদের সুপারিশে চাকরি পেয়েছেন ১০ ভাগ”। উল্লেখ্য, এসএসসি-র ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৭ দিনের মধ্যে অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে। সেই নির্দেশ মেনেই শনিবার সেই তালিকা প্রকাশ করে এসএসসি। আদালতের বেঁধে দেওয়া সময়সীমার মধ্যেই ১ হাজার ৮০৪ জনের তালিকা প্রকাশ করা হয়। পরে রাতের দিকে আরও একটি তালিকা দিয়ে দু’জনের নাম প্রকাশ করে কমিশন। অর্থাৎ এখন দাগিদের সংখ্যা ১৮০৬। যাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের কাউন্সিলর, অঞ্চল সভাপতি-সহ বিধায়ক ঘনিষ্ঠদের নাম।

Be the first to comment