রোজদিন ডেস্ক :
এ যেন এক মহা রাজনীতিক তারকাদের চাঁদের হাট! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ দেশের বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বদের উপস্থিতিতে আজ পাটনার গান্ধী ময়দানে দশম বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন জেডিইউ নেতা নীতিশ কুমার। মধ্যাহ্নের ঝলমলে পাটনা আরও উজ্জ্বল হল এই অনুষ্ঠানে। রাজ্যপাল আরিফ মহম্মদ খান নীতিশ কুমারকে শপথ বাক্য পাঠ করান৷ উদবেলিত জনতাকে দুহাত জোড় করে মাথা ঝুঁকিয়ে একাধিকবার নমস্কার করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পাশে হাসিমুখে জনতার উদ্দেশ্যে হাত নাড়েন মুখ্যমন্ত্রী নীতিশ কুমার।

আজ সকাল থেকেই পাটনার ঐতিহাসিক গান্ধী ময়দান ছিল আকর্ষণের কেন্দ্রবিন্দু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উত্তর প্রদেশ, অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লির মুখ্যমন্ত্রী যোগী আদিত্য নাথ, চন্দ্রবাবু নাইডু, দেবেন্দ্র ফড়নবিস, রেখা গুপ্তারা মঞ্চে উপস্থিত ছিলেন।

১৯৭৪ সালে এই গান্ধী ময়দান থেকেই সম্পুর্ন ক্রান্তির ডাক দিয়েছিলেন জয় প্রকাশ নারায়ণ। তরুণ নীতিশ কুমার তখন থেকেই তাঁর পথের পথিক। এই ময়দানেই তিনি
২০০৫, ২০১০ ও ২০১৫ সালে শপথ নিয়েছিলেন। আজ আবার সেই ময়দানে দশম বার মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন তিনি।

ঘড়ির কাঁটা তখন সাড়ে এগারটা ছুঁয়ে ছে। উপস্থিত জনতার বিপুল হর্ষধ্বনির মধ্যে মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন বিহারের জনপ্রিয় নেতা। তাঁর সঙ্গে আরও ২৫ জন বিধায়ক আজ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন।
পূর্বতন মন্ত্রিসভায় দুই উপ মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী ও বিজয় সিনহা ও আজ শপথ নিয়েছেন। সূত্রের খবর, এবারও তাঁরাই উপমুখ্যমন্ত্রী হবেন। তাঁরা ছাড়া জেডিইউ-এর বিজয় কুমার চৌধুরী বিজেন্দ্র প্রসাদ যাদব, শ্রোয়ান কুমার, অশোক চৌধুরী, লেসি সিংহ, মদন সাহনি, সুনীল কুমার ও মহম্মদ জামা খান আজ শপথ নেন।
বিজেপির সম্রাট চৌধুরী, বিজয় সিনহা, দিলীপ জয়সওয়াল, মঙ্গল পান্ডে, সঞ্জয় সিংহ টাইগার, রমা নিষাদ, অরুণ শংকর প্রসাদ, রামকৃপাল যাদব, নীতিন নবীন ও সুরেন্দ্র প্রসাদ মেহতা ও আজ শপথ নিয়েছেন।
তাঁরা সকলেই মন্ত্রী হবেন বলে রাজনৈতিক মহল মনে করেন।
উল্লেখ্য ভোটমুখি বিহারে আগের থেকেই একাধিক জনসভা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উপহার দিয়েছেন একের পর এক প্রকল্প। এই বিপুল জয়ের নেপথ্যে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের জনপ্রিয়তা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপস্থিতিও ম্যাজিকের কাজ করেছে বলে রাজনৈতিক মহল মনে করেন।
আজ প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী সহ অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের উজ্জ্বল উপস্থিতি এনডিএ ঐক্যের নিশান হিসাবে তুলে ধরা হয় ।

Be the first to comment