রোজদিন ডেস্ক : শীতের মনোরম শহরে কূয়াশা মাখা সকালে শঙ্খধ্বনি তে মুখরিত হোল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড। প্রদীপ জ্বালিয়ে সূচনা হল লাখো কন্ঠের গীতা পাঠের অভিনব আসর।

গেরুয়া পরিহিত সাধু সন্ন্যাসী থেকে রাজনৈতিক নেতা, সাধারণ মানুষ জনের ভিড়ে জমে উঠলো গীতা পাঠের আসর৷ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ-সহ একঝাঁক বিজেপি নেতা এই অনুষ্ঠানে এসেছেন। এসেছেন বাগেশ্বর বাবা হিসাবে বিখ্যাত তরুণ ধীরেন্দ্র শাস্ত্রী সহ বহু সাধু সন্ত। এই মেগা গীতা পাঠের অনুষ্ঠান উপলক্ষে তিনটি সুদৃশ্য মঞ্চ করা হয়েছে। ভোর থেকে দলে দলে মানুষ এখানে এসেছেন। পড়শি নেপাল, বাংলাদেশ থেকেও বহু মানুষ এসেছেন।

সনাতনী সংস্কৃতি পরিষদ আয়োজিত এই গীতা পাঠের অনুষ্ঠানে চৈতন্য মহাপ্রভু, শংকরাচার্যের নামাংকিত মঞ্চ করা হয়েছে। মূল মঞ্চের নাম পার্থসারথি। আছে ২৫ টি দরজা। কঠোর নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে গোটা ব্রিগেড।

সকাল নটা থেকে শুরু হওয়া এই লক্ষ কন্ঠের গীতা পাঠ চলবে দুপুর দুটো অবধি। মঞ্চে উপবিষ্ট সাধু সন্ত সহ সবার হাতেই আছে শ্রী মদ্ভগবত গীতা। উদ্যোক্তাদের দাবি ৫ লক্ষ মানুষ এই অনুষ্ঠানে অংশ নিয়েছেন। বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ-সহ একাধিক রাজ্য, মতুয়াদের প্রতিনিধিরা এখানে এসেছেন। গৈরিক, কমলা, হলুদ ইত্যাদি পতাকায় সজ্জিত ব্রিগেডের এ এক অন্য রূপ।

শীতের রবিবারে ময়দান সহ সংলগ্ন এলাকায় ঘুরতে যাওয়া বহু মানুষও কৌতুহল নিয়ে এই অভিনব সমাবেশ দেখেন।
বিজেপিতে যোগ দেওয়া তাপস রায়কেও মনোযোগ সহকারে গীতায় কন্ঠ মেলাতে দেখা যায়।

Be the first to comment