যুবভারতী-কাণ্ডে শতদ্রু দত্তর পর গ্রেফতার আরও পাঁচ যুবক, সিসিটিভি ফুটেজ দেখে আরও কয়েকজনকে চিহ্নিত করেছে পুলিশ

Spread the love

রোজদিন ডেস্ক : যুবভারতী-কাণ্ডে আগেই অনুষ্ঠানের মূল আয়োজক শতদ্রু দত্তকে গ্রেফতার করেছিল পুলিশ। তাঁকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে বিধাননগর আদালত। সোমবার ওই ঘটনার সিসিটিভি ফুটেজ দেখে আরও ২ জনকে গ্রেফতার করে পুলিশ। দমদম নাগেরবাজার থেকে ওই দুই যুবককে পাকড়াও করেছে দক্ষিণ বিধাননগর থানা। ধৃতদের নাম গৌরব বসু এবং শুভ্রপ্রতিম দে। যুবভারতী ক্রীড়াঙ্গনে ভাঙচুরের ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ দেখে চিহ্নিত করা হয় এই দু’জনকে। সেই সূত্রেই নাগেরবাজার থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার আটটি ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিশ। সরকারি কর্মীদের কাজে বাধা, ইচ্ছাকৃত সরকারি কর্মীকে জখম করা, গোলমাল পাকানোর চেষ্টা-সহ একাধিক ধারাগুলি যুক্ত করা হয়েছে। পাশাপাশি সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগে এবং শান্তিশৃঙ্খলা ভঙ্গের অভিযোগও আনা হয়েছে। শনিবারের ওই তাণ্ডবের বহু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়ো ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করেই গৌরব এবং শুভ্রপ্রতিমকে চিহ্নিত করে বিধাননগর পুলিশ। সেই মতো সোমবার সকালে তাঁদের গ্রেফতার করা হয়। এরপর আরও তিনজনকে পরে গ্রেফতার করে পুলিশ। তাঁদের নাম বাসুদেব দাস, সঞ্জয় দাস ও অভিজিৎ দাস। জানা গিয়েছে এরা তিনজনই শতদ্রু দত্তর কোম্পানির কর্তা। সোমবারই ধৃতদের হাজির করানো হয় আদালতে। সূত্রের খবর, যুবভারতীতে বিশৃঙ্খলা পাকানোর অভিযোগে ছ’জনকে নোটিস পাঠাতে চলেছে বিধাননগর পুলিশ। ভাঙচুরের ঘটনায় কারা জড়িত, তা জানার জন্য সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা যাচ্ছে, যাঁদের তলব করা হয়েছে, তাঁরা মেসির অনুষ্ঠানের সঙ্গে কোনও না কোনও ভাবে জড়িত ছিলেন। কলকাতা ও ভারতের অন্য শহরে মেসির সফরের মূল আয়োজক ছিলেন শতদ্রু। শনিবার কলকাতা বিমানবন্দর থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার বিধাননগর মহকুমা আদালতে শতদ্রুকে হেফাজতে পুলিশের যুক্তি ছিল, যুবভারতীতে বিশৃঙ্খলার মূলে শতদ্রু ছাড়াও আরও বেশ কয়েকজন জড়িত। তাঁদের হদিশ পাওয়ার জন্য তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। এর পরেই তাঁকে ১৪ দিনের পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*