ভারতীয় প্রেস ক্লাবের প্রথম মহিলা সভাপতি হলেন সঙ্গীতা বড়ুয়া পিশারতি

Spread the love

রোজদিন ডেস্ক : ভারতীয় প্রেস ক্লাবের ইতিহাসে প্রথম মহিলা সভাপতি নির্বাচিত হলেন সঙ্গীতা বড়ুয়া পিশারতি।
গত বছর তিনি দিল্লিস্থিত ভারতীয় প্রেস ক্লাবের সহ সভাপতি নির্বাচিত হন।

পূর্বে তিনি ইংরেজি দৈনিক সংবাদপত্র দ্য হিন্দু-র বিশেষ সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। তিনি তার প্রথম বই অসম: দ্য অ্যাকর্ড, দ্য ডিসকর্ড-এ অসম আন্দোলন, অসম চুক্তি এবং অসমের বিদ্রোহী কর্মকাণ্ডের ওপর তথ্য সংকলনের জন্য ব্যাপক প্রশংসিত হয়েছেন। ডিজিটাল মিডিয়া ‘দি ওয়্যার’ এর জাতীয় বিষয় সংক্রান্ত সম্পাদক হিসাবে কাজ করেছেন। সঙ্গীতা বড়ুয়া পিশারতি শনিবার ১০১৯টি ভোট পেয়ে বিপুল ভাবে জয়ী হন। তাঁর বিপক্ষের দুই প্রার্থী অতুল মিশ্র ও অরুণ শর্মা যথাক্রমে ১২৯ ও ৮৯টি ভোট পেয়ে শোচনীয়ভাবে পরাজিত হন।
তাঁর পুরো দলই ক্লাবের সব অফিস ও পরিচালন কমিটির পদে জয়ী হয়েছেন।
সঙ্গীতা বড়ুয়া পিশারতি দীর্ঘদিন সাংবাদিক পেশায় আছেন। বহু বইও লিখেছেন। তাঁর এই গুরুত্বপূর্ণ পদপ্রাপ্তিতে উচ্ছ্বসিত দিল্লি সহ সব রাজ্যের সাংবাদিক মহল। সমাজ মাধ্যমে তাঁর উচ্ছ্বসিত প্রশংসা করেন বহু সাংবাদিক, বিশিষ্টজনরা। তাঁর এই জয় ঐতিহাসিক, ভারতীয় প্রচার মাধ্যমের ইতিহাসে মাইল ফলক বলে তাঁরা মনে করেন।
এই বিপুল জয়ের পর সঙ্গীতা বড়ুয়া পিশারতি বলেন, ভারতীয় প্রেস ক্লাবের সদস্যদের সম্মিলিত আস্থার প্রতিফলন এই ফলাফল। অবাধ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতায় তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ।

ভারতীয় প্রেস ক্লাবের বিদায়ী সভাপতি গৌতম লাহিড়ি তাঁর ওপর আস্থা, বিশ্বাস রাখার জন্য সদস্যদের কৃতজ্ঞতা জানিয়েছেন। নতুন কমিটি আরও ভাল কাজ করবে বলে তাঁর আশা। বর্তমান পরিস্থিতিতে সাংবাদিকদের কাজের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন কমিটি কার্যকরী হবে বলে তিনি মনে করেন।
ভারতীয় প্রেস ক্লাবের বিদায়ী সচিব নীরজ ঠাকুর তাঁর এই পদপ্রাপ্তিকে স্বাগত জানিয়ে বলেন, ভারতীয় প্রেস ক্লাবের প্রথম মহিলা সভাপতির নির্বাচন প্রগতি, ক্লাবের সাম্য, বৈচিত্র্য ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি নিষ্ঠার শক্তিশালী নিদর্শন।
সূত্রের খবর, এই নির্বাচনে ১০২৯ ভোট পেয়ে সহ সভাপতি হয়েছেন যতীন গান্ধী, সেক্রেটারি জেনারেল হয়েছেন আফজল ইমাম, কোষাধ্যক্ষ ও যুগ্ম সম্পাদক হয়েছেন যথাক্রমে অদিতি রাজপুত ও পি আর সুনীল।
তবে সব কিছু ছাপিয়ে গেছে সভাপতি পদে সঙ্গীতা বড়ুয়া পিশারতির এই জয়। তাঁর সাহসী ব্যক্তিত্ব, অসামান্য দ্যুতিময় লেখা ও রচনা এখন সর্বত্র চর্চায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*