রমিত সরকার, নদীয়া : জেলা হাসপাতাল শক্তিনগরের ন্যায্য মূল্যের ওষুধের দোকানে ভুল ওষুধ দেওয়াকে কেন্দ্র করে শুক্রবার চরম উত্তেজনার সৃষ্টি হয়। অভিযোগ, এক রোগীর পরিবারের সদস্যরা নির্দিষ্ট ওষুধ নিতে এসে দোকান থেকে অন্য ওষুধ পেয়ে যান। বিষয়টি নজরে আসতেই তাঁরা দোকানদারদের কাছে অভিযোগ জানান। সেখান থেকেই প্রথমে কথা কাটাকাটি শুরু হয় বলে অভিযোগ।
চোখের পলকে পরিস্থিতি গরম হয়ে ওঠে। দু’পক্ষের মধ্যে তীব্র বচসা শুরু হলে দোকানের সামনে ভিড় জমে যায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি বিশৃঙ্খল হয়ে পড়ে এবং হাসপাতাল চত্বরে আতঙ্ক ছড়ায়। রোগী ও তাঁদের পরিজনদের মধ্যে চাঞ্চল্য দেখা দেয়।
প্রত্যক্ষদর্শীদের দাবি, ভুল ওষুধ দেওয়ার বিষয়টি স্বীকার না করে দোকানদারদের একাংশ পাল্টা যুক্তি দেখাতে থাকেন, যার জেরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। কিছুক্ষণের জন্য দোকানের সামনে কার্যত অচলাবস্থা তৈরি হয়।
খবর পেয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেন। তাঁদের হস্তক্ষেপে দু’পক্ষকে শান্ত করা হয় এবং বড় কোনও অপ্রীতিকর ঘটনা এড়ানো সম্ভব হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হাসপাতালের স্বাভাবিক পরিষেবা ধীরে ধীরে চালু হয়।
যদিও এই ঘটনায় কেউ আহত হননি, তবে ন্যায্য মূল্যের ওষুধের দোকানে এমন ঘটনার পুনরাবৃত্তি নিয়ে রোগীর পরিবার ও সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। প্রশাসনের তরফে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

Be the first to comment