একাধিক কেন্দ্রে জমা দিয়েছেন এনুমারেশন ফর্ম, ভোটারকে শোকজ করল কমিশন

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআর পর্বে রাজ্যে এই প্রথম কোনও ভোটারকে শোকজ করল নির্বাচন কমিশন। একজন ভোটার কলকাতার শ্যামপুকুর ও উত্তর ২৪ পরগনার অশোকনগর কেন্দ্রে দুটি পৃথক এনুমারেশন ফর্ম জমা দিয়েছেন বলে অভিযোগ ওঠে। প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, একটি ফর্মে ভোটারের নিজের সই।থাকলেও অন্য ফর্মে সই রয়েছে তাঁর এক আত্মীয়ের। বিষয়টি স্পষ্ট করতে সংশ্লিষ্ট ভোটারকে শো-কজ নোটিস পাঠানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। এর পাশাপাশি বৃহস্পতিবার নির্বাচন কমিশন ২৮০০ জন অতিরিক্ত অ্যাসিস্ট্যান্ট ইলেক্টোরাল রেজিস্ট্রেশন অফিসার বা এএইআরও নিয়োগে অনুমোদন দিয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিক প্রয়োজন অনুযায়ী তাঁদের বিভিন্ন জেলায় ব্যবহার করতে পারবেন। কমিশন সূত্রে আরও জানা গিয়েছে, এখনও আঞ্চলিক বিদেশি নথিভুক্তকরণ শাখা এফআরআরও থেকে বাংলাদেশি নাগরিকদের নাম আসছে, যাঁরা অবৈধ ভাবে এই দেশে ভোটার কার্ড করিয়েছেন বলে অভিযোগ। কমিশনের বক্তব্য, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পরেও যদি এ ধরনের নাম ধরা পড়ে, সংশ্লিষ্ট ভোটারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে। একই সঙ্গে এসআইআর প্রক্রিয়ায় এক হাজারের মতো ভোটারের নাম চিহ্নিত করা হয়েছে, যাঁরা মায়ের দিকের আত্মীয়তার সূত্রে ম্যাপিং দেখিয়েছেন। তাঁদের শুনানিতে ডাকার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। পূর্ব বর্ধমানের মেমারি থেকে একটি গুরুতর অভিযোগ এসেছে। অভিযোগ, এক ভোটার মৃত এক ব্যক্তিকে বাবা হিসেবে দেখিয়ে ভুয়ো নথি ব্যবহার করে প্রায় বারো বছর আগে ভোটার কার্ড ও পাসপোর্ট তৈরি করেন এবং পরে বিদেশে চলে যান। এসআইআর প্রক্রিয়ায় সন্দেহ হওয়ায় সংশ্লিষ্ট বিএলও খোঁজখবর শুরু করেন। প্রশাসন জানিয়েছে, ওই যুবককেও শুনানিতে ডাকা হবে। কমিশনের মতে, এসআইআর প্রক্রিয়ায় একের পর এক অনিয়ম সামনে আসছে এবং প্রতিটি ক্ষেত্রেই প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। লক্ষ্য একটাই যোগ্য ভোটারকে তালিকায় রাখা এবং অযোগ্যদের বাদ দেওয়া।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*