রোজদিন ডেস্ক : সন্ধ্যার আকাশে আচমকা জ্বলে উঠল আলো। অজানা সেই আলোর উৎস। সঙ্গে বিকট শব্দ। আর তাতেই তুমুল আতঙ্ক ও উদ্বেগ ছড়াল বৃহস্পতিবার সন্ধ্যায় জলপাইগুড়ি জেলার একাধিক এলাকায়। আলো দেখে লোকজন বাইরে বেরিয়ে আসেন। ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত সংবেদনশীল জলপাইগুড়ি জেলায় বৃহস্পতিবার সন্ধ্যায় এমনই এক রহস্যময় ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। জেলার বিভিন্ন প্রান্তে আকাশে আলো দেখা যাওয়ার পাশাপাশি কেউ কেউ বিকট আওয়াজ শোনার দাবি করেন। শব্দ শুনে অনেকেই ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। মুহূর্তের মধ্যেই সেই ঘটনার ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। যদিও ভাইরাল হওয়া সেই ছবি ও ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি। ঘটনাকে ঘিরে যাতে কোনও গুজব বা আতঙ্ক ছড়াতে না পারে, সে কারণে তৎপরতা বাড়িয়েছে জেলা প্রশাসন ও পুলিশ। পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। এ বিষয়ে জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার জানান, আমরা আমাদের সমস্ত পুলিশ কর্মীকে সক্রিয় করেছি এবং সাধারণ মানুষকেও অনুরোধ করা হয়েছে, কেউ যদি নির্দিষ্ট কোনও স্থানের তথ্য পান, তাহলে আমাদের জানাতে।

এখন পর্যন্ত ঘটনার নির্দিষ্ট কোনও অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত হলেই আমরা তা জানাব। ঘটনায় এখনও পর্যন্ত কোথাও কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। তবে খোঁজ খবর জারি রয়েছে। প্রাথমিক ভাবে এটি উল্কা বৃষ্টির মতো ঘটনাই মনে হচ্ছে। পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়েছে, আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত ও পর্যবেক্ষণ চলছে। প্রশাসনের তরফে নিশ্চিত তথ্য না আসা পর্যন্ত গুজবে কান না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

Be the first to comment