রোজদিন ডেস্ক : মনরেগা প্রকল্পর নাম বদল-সহ অন্যান্য বিষয়ে বিরোধীদের তুমুল প্রতিবাদের মধ্যেই আজ সংসদের শীতকালীন অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মূলতুবি হয়ে গেল। বন্দে মাতরম গান দিয়ে এর সমাপ্তি হয়।
তিনটি রাষ্ট্র সফর সেরে গতকাল দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ সংসদে তিনিও উপস্থিত ছিলেন।
আজও বিরোধী সাংসদরা দীর্ঘদিন ধরে চলে আসা মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম তুলে দেওয়ার বিরুদ্ধে তীব্র বিক্ষোভ দেখান। কোন যুক্তিতে তা করা হল, কেনই বা নয়া প্রকল্প ভিবি জি রাম জি প্রকল্পে কেন্দ্রের বরাদ্দ কমানো হল এর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা, যদিও সরকার পক্ষে এর কোন জবাব মেলেনি। লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা আজ অনির্দিষ্টকালের জন্য অধিবেশন মূলতুবির ঘোষণা করেন। বন্দে মাতরম গানের মধ্য দিয়ে সভা মূলতুবি হয়ে যায়।
রাজ্যসভায় উপ-রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণনও অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মূলতুবি ঘোষণা করেন। আজ সেখানে বেশ কিছু বিবৃতি, রিপোর্ট পেশ করা হয়।
অধিবেশন মূলতুবি করার সময় দৃশ্যত ক্ষুব্ধ উপ রাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন গতকাল সভায় বিরোধী সদস্যদের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দেন।
বলেন, গতকাল মন্ত্রীর জবাবি ভাষণের সময় যেভাবে (বিরোধী) সদস্যরা প্রতিবাদ করেন, কাগজপত্র ছেঁড়েন, তা কোন ভাবেই কাম্য না। চলতি অধিবেশন খুবই গুরুত্বপূর্ণ ছিল জানিয়ে তিনি আশা প্রকাশ করেন, আগামী অধিবেশনে সাংসদরা ভাল ভাবে আলোচনায় অংশ নেবেন।
বিরোধী সাংসদরা অবশ্য ভি বি জি রামজি প্রকল্প নিয়ে তুমুল প্রতিবাদে মুখর হন। আজ ও সংসদের বাইরে বিরোধীরা এর বিরুদ্ধে অবস্থান বিক্ষোভ করেন। তৃণমূল কংগ্রেস সাংসদরা সংসদের প্রবেশ দ্বারে তুমুল বিক্ষোভ দেখান।
ছবি : ফাইল চিত্র

Be the first to comment