রোজদিন ডেস্ক : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে গিয়েছে বড়দিনের উৎসব। অ্যালেন পার্ক থেকে উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী। এবার বড়দিন উপলক্ষে পুলিশ কর্মীদের ছুটিতে পড়ল কোপ। আগামী ২৪ ডিসেম্বর থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত বাতিল করা হয়েছে পুলিশ প্রশাসনের সমস্ত ছুটি। রাজ্য জুড়ে উৎসবের মাঝে আইনশৃঙ্খলা বজায় রাখতে এই পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ পুলিশ। ওই নির্দেশিকায় জানানো হয়েছে, এই সময়ে পুলিশ কর্মীদের ছুটি নেওয়া যাবে না। যারা ছুটিতে আছেন তাদের আগামী ২৪ তারিখের মধ্যে বাধ্যতামূলকভাবে কাজে ফিরতে হবে। উৎসব সামাল দিতে এর আগেও পুলিশ, প্রশাসন গুরু দায়িত্ব পালন করেছে। দায়িত্বে না থাকলেও সমস্ত পুলিশকর্মীকে ব্যারাকে থাকতে বলা হয়েছে। যাতে জরুরি প্রয়োজনে তাদের মোতায়েন করা যায়। উৎসবের দিনগুলিতে সর্বোচ্চ সংখ্যক পুলিশ রাস্তায় নামানোই মূল উদ্দেশ্য প্রশাসনের। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং বড়দিন উপলক্ষে কোনও রকম অপ্রীতিকর ঘটনা বা পদপিষ্ট হওয়ার মত ঘটনা এড়াতে ইতিমধ্যেই প্রস্তুত পুলিশ।

Be the first to comment