রোজদিন ডেস্ক : প্রতিবেশী বাংলাদেশের হিংসাত্মক পরিস্থিতির সঙ্গে পশ্চিমবঙ্গের তুলনার প্রেক্ষিতে বিজেপি নেতা অমিত মালব্যর বিরুদ্ধে পুলিশে নালিশ করলো রাজ্যের শাসক দল। দলের সাধারণ সম্পাদক তথা মুখপাত্র তন্ময় ঘোষ নরেন্দ্রপুর থানায় এই নালিশ করেন।তাঁর অভিযোগ, অমিত মালব্যর বক্তব্য বিভ্রান্তমুলক, উসকানিমূলক। বাংলাদেশের ইসলামি হিংসাকে উনি এই রাজ্যের সঙ্গে তুলনা করেছেন।
সমাজ মাধ্যমে অমিত মালব্য বলেন, বৃহস্পতিবার রাতে ইসলামি জনতা ঢাকার বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানটে হামলা করে, আক্রমণ হয় খবরের কাগজের কার্যালয়, সাংবাদিকদের ওপর ও সাংস্কৃতিক কেন্দ্রে।
এই সব ঘটনাকে সতর্কতা হিসাবে মন্তব্য করে অমিত মালব্য বলেন, সমাজে স্পষ্ট হয় যখন উগ্রবাদীদের তোষণ করা হয়, আইনের অভাবই স্বাভাবিক মনে হয়। একে তিনি পশ্চিমবঙ্গের পরিস্থিতির সঙ্গে তুলনা করেন। মমতা ব্যানার্জির শাসনের গতিপথও এমনই, যা খুবই চিন্তার বলে মন্তব্য করেন।
তাঁর অভিযোগ, বহু বছর ধরে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠানগুলি ক্ষয়ে যাচ্ছে, সরকার নীরব। আগামী বছরও মমতা ব্যানার্জি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের পরিস্থিতিও অপরিবর্তনীয় থাকবে বলে তিনি মন্তব্য করেন।
এর পালটা সমাজ মাধ্যমে তোপ দাগেন তন্ময় ঘোষও। বলেন, অমিত মালব্যর এই সব বক্তব্য শুধু একপেশেই না, দেশের সার্বভৌমত্ব ও কূটনীতিকে নষ্ট করেছে। প্রধানমন্ত্রী বা বিদেশ মন্ত্রক এই সব বক্তব্যকে মান্যতা দেয় কিনা তিনি প্রশ্ন তোলেন।
আরও বলেন যখন জাতীয় স্বার্থ বা বিদেশ সম্পর্কে কিছু হয়, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও তৃণমূল কংগ্রেস দৃঢ়ভাবে রাজনৈতিক মতভেদ সরিয়ে কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়ায়। নির্বাচনে লাভের কথা ভেবে অমিত মালব্য মানুষের আবেগকে সুড়সুড়ি দিচ্ছেন ও কূটনীতিকে পথের রাজনীতিতে নামিয়ে এনেছেন। দেশের স্বার্থ ধ্বংস করে উনি দায়িত্বজ্ঞানহীন ভাবে কথা বলছেন! এই সবের বিরুদ্ধে তন্ময় ঘোষ পুলিশে নালিশ জানান।
প্রসঙ্গত, আগামী বছর বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ও তৃণমূল কংগ্রেস পরস্পরের বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে।

Be the first to comment