আজ বঙ্গ তথা নদীয়ার তাহেরপুরের মাটিতে পা রাখতে চলেছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সভাকে ঘিরে যখন গোটা জেলা জুড়ে নিরাপত্তা ও প্রস্তুতি তুঙ্গে, ঠিক সেই সময়েই সামনে এল এক বিতর্কিত ঘটনা।
রাতের অন্ধকারে ১২ নম্বর জাতীয় সড়কের (পুরনো ৩৪ নম্বর জাতীয় সড়ক) চাকদা এলাকাজুড়ে প্রধানমন্ত্রী বিরোধী একাধিক ব্যঙ্গাত্মক পোস্টার লাগানো হয়েছে। পোস্টারগুলিতে স্পষ্টভাবে লেখা ছিল—‘গো ব্যাক মোদি’ সহ বিভিন্ন মোদি-বিরোধী স্লোগান। ভোর হতেই স্থানীয় বাসিন্দা ও পথচলতি মানুষদের নজরে আসে এই পোস্টারগুলি।

কে বা কারা এই পোস্টার লাগিয়েছে, কোন রাজনৈতিক সংগঠন বা গোষ্ঠী এর পিছনে রয়েছে—তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। তবে প্রধানমন্ত্রীর আগমনের ঠিক আগে এমন ঘটনার জেরে রাজনৈতিক মহলে স্বাভাবিকভাবেই শুরু হয়েছে জোর চর্চা ও চাপানউতোর।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। প্রশাসনের তরফে বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে বলে সূত্রের খবর। নিরাপত্তা সংস্থাগুলিও বিষয়টি খতিয়ে দেখছে এবং পোস্টার লাগানোর পিছনে কারা রয়েছে, তা জানতে তদন্ত শুরু হয়েছে।
একদিকে প্রধানমন্ত্রীর সভাকে ঘিরে সমর্থকদের ভিড়, অন্যদিকে এমন বিরোধী পোস্টার—সব মিলিয়ে তাহেরপুর ও সংলগ্ন এলাকায় রাজনৈতিক উত্তাপ ক্রমশ বাড়ছে। পরিস্থিতির দিকে এখন নজর রয়েছে জেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলির।

Be the first to comment