রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটার তালিকা প্রস্তুতি ও সংশোধন।প্রক্রিয়াকে স্বচ্ছ, নির্ভুল ও আরও বিশ্বাসযোগ্য করতে নির্বাচন কমিশন ইলেক্টোরাল রোল মাইক্রো অবজার্ভার নিয়োগের প্রস্তাবে সম্মতি দিয়েছে। শুক্রবার এই সংক্রান্ত নির্দেশিকা জারি করে কমিশন জানিয়েছে, বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ায় শুনানি পর্বকে আরও গ্রহণযোগ্য করে তুলতেই এই সিদ্ধান্ত। শুনানির সময় জমা পড়া নথি সঠিক ভাবে যাচাই হচ্ছে কি না, দাবি ও আপত্তির ক্ষেত্রে নিয়ম মেনে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে কি না, তা খতিয়ে দেখবেন মাইক্রো অবজার্ভাররা। তাঁরা শুনানি কক্ষে উপস্থিত থেকে গোটা প্রক্রিয়া পর্যবেক্ষণ করবেন এবং কোথাও কোনও বিচ্যুতি বা অনিয়ম ধরা পড়লে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে রিপোর্ট আকারে জানাবেন।নির্দেশে বলা হয়েছে, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের অধীনেই এই মাইক্রো অবজার্ভাররা কাজ করবেন। কেন্দ্রীয় সরকারি দফতরের গ্রুপ ‘বি’ বা তার ঊর্ধ্বতন স্তরের আধিকারিকদের মধ্য থেকেই তাঁদের নিয়োগ করা হবে। প্রয়োজনে রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক বা সংস্থার সমপর্যায়ের আধিকারিকদেরও এই দায়িত্ব দেওয়া যেতে পারে। নির্দেশিকায় আরও উল্লেখ রয়েছে, মাইক্রো অবজার্ভাররা এনুমারেশন ফর্মের ডিজিটাল এন্ট্রি ঠিকমতো হয়েছে কি না, ভোটার তালিকার সঙ্গে জন্ম ও মৃত্যু নথির তথ্যের মিল রয়েছে কি না, সেই বিষয়গুলিও যাচাই করবেন। পাশাপাশি, যাঁদের নোটিস দেওয়া হয়েছে বা যাঁরা দাবি ও আপত্তি দাখিল করেছেন, তাঁদের জমা দেওয়া নথির সত্যতা পরীক্ষা এবং শুনানি পর্বের পর্যবেক্ষণও তাঁদের দায়িত্বের মধ্যে পড়ছে। প্রয়োজনে নির্বাচনী তালিকার পরিসংখ্যানগত বিশ্লেষণেও তাঁরা অবজার্ভারদের সহায়তা করবেন। কমিশনের বক্তব্য, একজনও যোগ্য ভোটার যেন বাদ না যান বা কোনও অযোগ্য ব্যক্তির নাম তালিকায় না থাকে, তা নিশ্চিত করতেই এই অতিরিক্ত নজরদারির ব্যবস্থা।

Be the first to comment