রোজদিন ডেস্ক : কনকনে শীতের রাত। গভীর ঘুমে আচ্ছন্ন গোটা পরিবারের। ফলে শর্টসার্কিট থেকে ঘরে কখন আগুন লাগলো টের পায়নি কেউই। ঘরের মধ্যে জীবন্ত পুড়ে মৃত্যু হল একই পরিবারের চারজনের। তার মধ্যে এক মহিলা ও এক স্কুল পড়ুয়া কিশোরীও রয়েছে। মর্মান্তিক ঘটনাটি হাওড়ার উলুবেড়িয়ার কাছে জয়পুরে। মৃতরা হলেন, দূর্যোধন দলুই, দুধকুমার দলুই, অর্চনা দলুই ও শম্পা দলুই। রবিবার বেশি রাতের দিকে ওই আগুন লাগে বলে খবর। পুলিশ ও দমকল এসে দেহগুলি উদ্ধার করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমেছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার জয়পুর থানার ঝামটিয়া পঞ্চায়েতের সিংপাড়া গ্রামে থাকত দলুই পরিবার। সেখানেই রবিবার গভীর রাতে আগুন লাগে। সেই আগুনে পরিবারের চারজনেরই মৃত্যু হয়।চারজনই একটি ঘরে ঘুমিয়েছিলেন। দমকল এসে আগুন নেভালেও তাঁদের কাউকে বাঁচানো যায়নি। শর্টসার্কিট থেকে ওই আগুন লেগেছিল বলেই প্রাথমিক অনুমান পুলিশ ও দমকলের। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Be the first to comment