রোজদিন ডেস্ক : সন্দেশখালির একদা ত্রাস শেখ শাহজাহানের বিরুদ্ধে সিবিআই মামলার অন্যতম সাক্ষী হলেন ভোলানাথ ঘোষ। গত ১০ ডিসেম্বর সেই মামলার সাক্ষ্য দিতে কলকাতা যাওয়ার পথে পথদুর্ঘটনায় মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে ও আর একজনের। বেঁচে যান ভোলা। অভিযোগ, সেদিন ন্যাজাট থানার বয়ারমারির কাছে ভোলার গাড়িতে ধাক্কা মারে একটি ট্রাক। সেই ট্রাক চালাচ্ছিল অভিযুক্ত আবদুল আলিম মোল্লা। ঘটনার পর থেকেই পলাতক ছিল ট্রাকচালক। এবার পুলিশের জালে ধরা পড়ল ঘটনার মূল অভিযুক্ত আবদুল আলিম মোল্লা। রবিবার গভীর রাতে ন্যাজাট থানার পুলিশ বসিরহাটের মিনাখাঁ থেকে তাকে পাকড়াও করে। এখন প্রশ্ন, সেদিনের দুর্ঘটনা কি নিছকই দুর্ঘটনা নাকি৷ পিছনে অন্য কিছু রয়েছে। তা জানতেই এবার আবদুলকে হেফাজতে নিয়ে জেরা করতে চায় পুলিশ। ভোলা ঘোষের দায়ের করা অভিযোগে মূল অভিযুক্ত হিসেবে আবদুলের নামই রয়েছে। দুর্ঘটনার পরই ট্রাক থেকে নেমে একটি বাইকে উঠে সে পালিয়েছিল বলে জানা যায়। তখনই প্রশ্ন উঠেছিল এটা কি নিছকই দুর্ঘটনা, নাকি এর পিছনে কোনও কারণ আছে?

Be the first to comment