হাওড়া কোর্ট ও জেলা হাসপাতাল চত্বরে চলল বুলডোজার, ভাঙা পড়ল ৩০ থেকে ৪০টি অস্থায়ী দোকান

Spread the love

রোজদিন ডেস্ক: হাওড়া কোর্ট চত্বর ও জেলা হাসপাতাল সংলগ্ন এলাকায় বুলডোজার অভিযান। ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল ৩০ থেকে ৪০টি দোকান। কড়া পুলিশি পাহারায় বুধবার দুপুরে ওই সমস্ত দোকান ও গুমটি উচ্ছেদ করল প্রশাসন। হাসপাতালের সামনে বিপ্লবী হরেন ঘোষ সরণি ও মহাত্মা গান্ধি রোডের কিছু অংশে গজিয়ে ওঠা সমস্ত দোকান ও গুমটি ভেঙে ফেলা হয়। উচ্ছেদ চলাকালীন এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী ও কমব্যাট ফোর্স। অভিযান চলাকালীন ব্যস্ত রাস্তায় সাময়িকভাবে যান চলাচল বন্ধ রাখা হয়। প্রশাসনের দাবি, কয়েক দিন আগে স্বেচ্ছায় দোকান সরিয়ে নেওয়ার নোটিস দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও দোকান না সরানোয় আজ উচ্ছেদ অভিযান চালানো হয়। ওই এলাকায় হাওড়া জেলা হাসপাতাল, জেলাশাসকের কার্যালয়, হাওড়া আদালত, কোর্ট লকআপ, মহিলা থানা, জেলা পুলিশের দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ সরকারি অফিস রয়েছে। এই অভিযানের জেরে বিপাকে পড়েন ওই সব দফতরে আসা বহু মানুষও। প্রশাসনের দাবি, এইসব দোকানগুলির কারণে দীর্ঘদিন ধরে চলাচলে বিঘ্ন ঘটছিল এবং এলাকায় তীব্র যানজট হচ্ছিল। তবে মুখ্যমন্ত্রীর আশ্বাসের পরও হকার উচ্ছেদ চলতে থাকায় ফুটপাথে ব্যবসা করা বহু দোকানদাররা ক্ষোভে ফেটে পড়েন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*