চলন্ত বাসে সন্তান প্রসব, সটান বাস নিয়ে হাসপাতালে হাজির হলেন চালক

নবান্নের উদ্দেশ্যে রওনা দিলেন চিকিৎসকেরা
Spread the love

সুস্মিত মজুমদার : 
এবার চলন্ত বাসে সন্তান প্রসবের ঘটনা ঘটল বাঁকুড়ার খাতড়া থানার মুকুটমনিপুর এলাকায়। বাসে এক প্রসুতি সন্তান প্রসব করতেই সটান বাস নিয়ে নিকটবর্তী খাতড়া মহকুমা হাসপাতালে হাজির হলেন বাসের চালক।

স্থানীয় সূত্রে জানা গেছে এদিন একটি বেসরকারি বাসে চড়ে দুই পুত্র সন্তানকে সঙ্গে নিয়ে পশ্চিম মেদিনীপুরের কদমবাঁদি গ্রামের শ্বশুরবাড়ি থেকে খাতড়ায় বাপের বাড়িতে যাচ্ছিলেন প্রসুতি আলবেদা খান। চিকিৎসকেরা আগামী ৬ ডিসেম্বর ওই প্রসুতির প্রসবের সম্ভাব্য দিন স্থির করেছিলেন। কিন্তু এদিন বাসটি মুকুটুমনিপুরের কাছাকাছি আসতেই ওই প্রসুতির প্রসব যন্ত্রণা শুরু হয়। যন্ত্রণায় বাসের মেঝেতেই শুয়ে পড়েন ওই প্রসুতি। এই ঘটনায় অন্যান্য যাত্রীরা প্রসুতিকে সাহায্য করতে কিছুটা ইতস্তত করলেও মুখ ফিরিয়ে থাকতে পারেন নি ওই বাসেরই যাত্রী স্থানীয় ডাবরি উপ স্বাস্থ্য কেন্দ্রের কমিউনিটি হেলথ অফিসার পিপু ধীবর। তড়িঘড়ি তিনি প্রসুতির কাছে ছুটে গিয়ে দেখেন ততক্ষণে চলন্ত বাসের মধ্যেই ওই প্রসুতি একটি পুত্র সন্তান প্রসব করেছেন। এরপর ওই স্বাস্থ্যকর্মীর অনুরোধে বাসের চালক দ্রুত বাস নিয়ে পৌঁছান খাতড়ায়। খাতড়া এসডিও মোড়ে অন্যান্য যাত্রীদের নামিয়ে বাসের চালক স্বাস্থ্য কর্মী পিপু ধীবর সহ প্রসুতিকে নিয়ে বাস চালিয়ে সটান হাজির হন খাতড়া মহকুমা হাসপাতালে। সেখানের স্বাস্থ্যকর্মীরা বাসে উঠে মা এর সঙ্গে সদ্যজাত সন্তানের সংযোগকারী নাড়ি কেটে মা ও শিশুকে বাস থেকে নামিয়ে হাসপাতালে নিয়ে যান। খাতড়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা গেছে প্রসুতি ও সদ্যজাত সন্তান দু’জনেই সুস্থ আছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*