নাগরিকত্বের আগেই ভোটার তালিকায় নাম সোনিয়ার, নোটিশ দিল্লির আদালতের, পুরোপুরি মিথ্যা, বললেন প্রিয়াঙ্কা

Spread the love

রোজদিন ডেস্ক :
দেশের নাগরিকত্ব মেলার আগেই ভোটার তালিকায় নাম তুলেছিলেন সোনিয়া গান্ধী, এই অভিযোগ নিয়ে ফের সরগরম দিল্লির রাজনৈতিক মহল। এই মর্মে দিল্লির রাউস এভেনিউ আদালত আজ নোটিশ জারি করেছে বর্ষীয়ান সোনিয়া গান্ধীকে। ঘটনাচক্রে আজ তাঁর জন্মদিনও। সারা দেশে আলোড়ন তোলা এস আই আর নিয়েও সংসদে আলোচনা চলছে। এই প্রেক্ষিতে বিষয়টি নিয়ে যথেষ্ট অস্বস্তিতে গান্ধী পরিবার ও কংগ্রেস দল।
সংসদ চত্বরে এই বিষয়ে প্রশ্নে সাংসদ তথা সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী সাফ জানিয়ে দেন, এই অভিযোগ মিথ্যা। এর কোন ও প্রমাণ আছে কি? পালটা প্রশ্ন তোলেন তিনি। সঙ্গে বলেন, ভারতীয় নাগরিক হওয়ার পরই উনি ভোট দিয়েছেন। আক্ষেপের সুরে বলেন, সোনিয়া গান্ধীর প্রায় আশি বছর বয়েস, সারা জীবন উনি এই দেশের জন্য কাজ করেছেন। এখন ওঁকে এই সব নিয়ে বিরক্ত না করাই ভাল।
১৯৮৩ সালে সোনিয়া গান্ধী দেশের নাগরিক হন, তার আগেই ১৯৮০-৮১-র ভোটার তালিকায় ওঁর নাম তোলার অভিযোগ নিয়ে আগেই আদালতে মামলা হয়েছিল। গত সেপ্টেম্বর মাসে আদালতে তা খারিজ হয়ে যায়। কিন্তু এতেও স্বস্তি মেলেনি সোনিয়া গান্ধীর। এই রায়কে চ্যালেঞ্জ করে ফের জনৈক বিকাশ ত্রিপাঠি মামলা করেছেন।
রাউস এভেনিউ আদালতের বিশেষ বিচারপতি বিশাল গগনি এই বিষয়ে সোনিয়া গান্ধী ও দিল্লি পুলিশকে নোটিশ জারি করেছেন৷ বরিষ্ঠ আইনজীবি পবন নারাং এর অভিযোগ যে এই বিষয়ে নথিপত্র নিশ্চয়ই জাল করা হয়েছিল।  মিথ্যা প্রমাণ দিয়ে তাঁর নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।
বিচারপতি এই বিষয়ে আবেদনকারীর বক্তব্য তালিকাভুক্ত করার নির্দেশ দেন। আগামী ৬ জানুয়ারি এর শুনানি হবে।

সূত্রের খবর, বিষয়টির গুরুত্ব অনুধাবন করে বিচারপতি সোনিয়া গান্ধী, নির্বাচনী আধিকারিকদের এই নিয়ে জবাব চেয়েছেন। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ভোটার তালিকায় নাম নথিভুক্ত করার দিকটি ভাল করে খতিয়ে দেখা দরকার বলে আদালত মনে করে।
এর আগে দিল্লির অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বৈভব চৌরাশিয়া বিকাশ ত্রিপাঠির আনা এই মামলা খারিজ করে দিয়েছিলেন। ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা নিয়ে আবেদনকারী এফআইআর দায়েরেও দাবি জানিয়েছিলেন।
সেই রায়কে চ্যালেঞ্জ করে বিকাশ ত্রিপাঠি আবারও আদালতে যাওয়ায় রাজধানীর রাজনৈতিক মহলে ফের বিতর্ক দেখা দিয়েছে।
সোনিয়া কন্যা প্রিয়াঙ্কা গান্ধী পরিস্কার এই অভিযোগকে অসত্য বলে মন্তব্য করেছেন।
এর নেপথ্যে বিজেপির কারসাজি আছে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
ইতিমধ্যে ন্যাশনাল হেরাল্ড মামলায় সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী সহ একাধিক জনের বিরুদ্ধে ইডি-র অভিযোগ নিয়ে অস্বস্তিতে তাঁরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*