রোজদিন ডেস্ক : রাজ্য জুড়ে এখন বিধানসভা ভোটের দামামা বাজছে। এরই মাঝে শ্রীচৈতন্যদেবের “পরম ভক্ত” হিসাবে নিজেকে দাবি করে নদীয়ার মায়াপুরের বিশ্ববিখ্যাত ইসকন মন্দিরে এলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। সঙ্গে আনলেন উপস্থিত ভক্তদের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির “হরে কৃষ্ণ” বার্তাও।
গৌড়ীয় মঠের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের ১৫২তম জন্মজয়ন্তী উপলক্ষে আজ মায়াপুরে উপস্থিত ভক্তমন্ডলীর সামনে ভক্তি ভরে “হরে কৃষ্ণ” ধ্বনি দিয়ে বক্তব্য শুরু করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী। জানান, সকালে তিনি প্রধানমন্ত্রীকে এখানে আসার কথা জানিয়েছেন। এতে প্রধানমন্ত্রী নিজেও মন থেকে ভক্তিভরে তাঁদের সবাইকে হরে কৃষ্ণ বলেছেন। আর তাঁকে দেশের স্বরাষ্ট্র মন্ত্রী সম্বোধন করা নিয়ে বিনয়ের সঙ্গে বলেন, স্বরাষ্ট্র মন্ত্রী নয়, চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত হিসাবে তিনি এসেছেন।
ইসকনের প্রতিষ্ঠাতা ভক্তি সিদ্ধান্ত প্রভুপাদজি, ভক্তি বেদান্ত প্রভুপাদজিকে মন থেকে প্রণাম করে তিনি বক্তব্য শুরু করেন। বলেন, ধর্মের সঙ্গে আধুনিকতার কোন শত্রুতা নেই। শ্রীচৈতন্যদেবের ভক্তি আন্দোলনের প্রতি অকুন্ঠ শ্রদ্ধা জানিয়ে বলেন, নিজের অস্তিত্বকে বিলীন করে উনি শ্রীকৃষ্ণময় হয়ে গেছিলেন, পুর্ব সহ সমগ্র উত্তর পূর্ব ভারতে বহু মানুষের জীবনে উনি ভক্তির প্রদীপ প্রজ্জ্বলিত করেছেন।
বৈরাগ্যের অর্থ খারাপ বিষয়গুলি ছেড়ে দেওয়া।
প্রসঙ্গত, অমিত শাহ মতুয়া সম্প্রদায়ের ধর্মগুরু হরিচাঁদ ঠাকুর ও গুরুচাঁদ ঠাকুরের কথা ও স্মরণ করেন। তাঁর আশা, ২০৪৭ সালের মধ্যে বিকশিত ভারত ও সনাতনের বার্তা সারা বিশ্বে ছড়িয়ে পড়বে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব, বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য, বিরোধী নেতা শুভেন্দু অধিকারী-সহ বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।

Be the first to comment