রোজদিন ডেস্ক : আট বছর আগে সন্দেশখালির একটি ধর্ষণের মামলায় রাজ্য সরকারকে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ধর্ষণের মতো একটি স্পর্শকাতর মামলার বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করতে রাজ্যকে এই নির্দেশ দিল আদালত। ওই মামলায় ধৃতের জামিনের আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশ দিয়েছেন হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। সন্দেশখালি থানা এলাকায় ২০১৮ সালে একটি ধর্ষণের মামলায় ধৃতের জামিনের আবেদনের শুনানি ছিল মঙ্গলবার। শুনানি চলাকালীন জানা যায় যে নিম্ন-আদালতে এই মামলার বিচার প্রক্রিয়া এখনও শেষ হয়নি। এতদিনেও কেন বিচার শেষ হয়নি তাই নিয়ে এদিন প্রশ্ন তোলেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। আদালত স্পষ্ট জানিয়েছে, শুধু সন্দেশখালি নয় এরকম কত সন্দেশখালি আছে রাজ্য জুড়ে যার বিচার প্রক্রিয়া আট-দশ বছরেও সম্পন্ন হয়নি। নিম্ন আদালতে শম্বুক গতিতে চলা বিচার প্রক্রিয়া নিয়েও প্রশ্ন তোলেন বিচারপতি। এরপরই তিনি রাজ্যের সব জেলায় স্পর্শকাতর অপরাধের মামলাগুলি দ্রুত শেষ করতে একজন করে নোডাল অফিসার নিয়োগ করার নির্দেশ দেন। বিচারপতি ঘোষ এই নির্দেশ দিতে গিয়ে রাজ্যে ক্রাইম এগেইনস্ট ওম্যান, পকসো, এনডিপিএসের মত স্পর্শকাতর মামলাগুলির ধীর গতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। আদালতের বক্তব্য, মহিলাদের বিরুদ্ধে বা নাবালকের বিরুদ্ধে অপরাধের মতো মামলাগুলি বছরের পর বছর ঝুলে থাকছে নিম্ন আদালতে। ওই মামলাগুলিতে সমন্বয় ও নজরদারির অভাব দূর করতে প্রতি জেলায় একজন করে নোডাল অফিসার নিয়োগ করতে হবে বলে রাজ্যকে নির্দেশ দিল আদালত।

Be the first to comment