রোজদিন ডেস্ক : কড়া নিরাপত্তার মধ্যে মুর্শিদাবাদের বেলডাঙায় আজ টিএমসি বিধায়ক হুমায়ুন কবীরের নেতৃত্বে বাবরি মসজিদের শিলান্যাস হল। এই বিষয় নিয়ে গত কয়েকদিন ধরে রাজ্য রাজনীতি উত্তাল হলেও প্রধান উদ্যোক্তা হুমায়ুন কবীর নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন। দল তাঁকে সাসপেন্ড করলেও তা উপেক্ষা করেছেন।
শুক্রবার থেকেই ওই এলাকায় আগ্রহীদের সমাগম শুরু হয়। আজ সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে মানুষের ভিড় উপছে পড়ে। বহু মানুষ মাথায় শিলান্যাসের জন্য ইঁট নিয়ে আসেন, এই সব দেখে দৃশ্যত খুশি হুমায়ুন কবীর নাম না করে রাজ্য সরকার ও শাসক দলকে কার্যত চ্যালেঞ্জ ছুঁড়ে দেন।
মসজিদ নির্মাণের লক্ষ্যে বহু ইমামের উপস্থিতিতে ফিতে কেটে শিলান্যাসের সূচনা করেন তিনি। “নারা এ তকবীর “, “আল্লা হো আকবর ” ধ্বনিতে মুখরিত হয় সভাস্থল।
তৃপ্ত দৃষ্টিতে তা দেখে হুমায়ুন কবীর সব সংখ্যালঘুদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। শাসক দলের উদ্দেশ্যে হুঁশিয়ারির সুরে বলেন, রাজ্যের ৯০টি বিধানসভা কেন্দ্রের নির্ণায়ক তাঁরাই। আগামী বছর গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনে শাসক দলকে বেগ দিতে তিনি তৈরি তার ইঙ্গিত দেন।
শাসক দলকে তোপ দেগে বলেন, ২০১১ সালে ৬৭ জন মুসলিম বিধায়ক ছিলেন, পরের বার তা কমে হয় ৫৭ গত বিধানসভা নির্বাচনে চক্রান্ত করে তা ৪৪ এ নামিয়ে আনা হয় বলে তাঁর অভিযোগ। বিধানসভায় অন্তত ৯০ জন মুসলিম প্রতিনিধি পাঠানোর জন্য তিনি আহবান জানান।
হুমায়ুন কবীরের অভিযোগ, আজ এই শিলান্যাস অনুষ্ঠান বানচাল করার অনেক চেষ্টা হয়েছিল, তা সফল হয়নি।
আজ সকালে রীতিমত হুংকারের সুরে তিনি বলেন, বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর তিনি স্থাপন করবেনই, কেউ তা বন্ধ করতে পারবে না।
বেলা বাড়ার সঙ্গে সভাস্থলে ভিড়ও বাড়তে থাকে।
সৌদি আরব থেকেও প্রতিনিধি আসেন বলে দাবি হুমায়ুনের।
তাঁর কথায়, রাজ্যে প্রায় তিন কোটি সংখ্যা লঘু সম্প্রদায়ের মানুষ আছেন। বিধানসভা নির্বাচনে তাঁদের সব প্রার্থীদের জয়ী করার তিনি আহবান জানান। উল্লেখ্য, চলতি মাসের শেষ দিকেই তিনি নতুন দল তৈরি করছেন বলে আগেই ঘোষণা করেছেন।
হুমায়ুন কবীর আরও বলেন, প্রস্তাবিত মসজিদের চত্বরে ২৫ বিঘা জমিতে হাসপাতাল ও বিশ্ববিদ্যালয় করা হবে। মসজিদ স্থাপনের জন্য কোন টাকার অভাব হবে না। এক সংস্থা তা নির্মাণের জন্য ৮০ কোটি টাকা দেবে।
আজ ভিত্তি প্রস্তর স্থাপন করে রীতিমত উজ্জীবিত হুমায়ুন কবীর। কলকাতা উচ্চ আদালত এতে হস্তক্ষেপ না করায় আগেই সন্তোষ প্রকাশ করেছিলেন তিনি।
অন্যদিকে বাবরি মসজিদ শিলান্যাসের পালটা আজ বহরমপুরে রামমন্দির এর ভিত পুজো করলেন বিজেপি নেতা।
মুর্শিদাবাদে বাবরি মসজিদ শিলান্যাসের প্রেক্ষিতে আজ কলকাতার লোকভবনে ( রাজভবন) অ্যাক্সেস পয়েন্ট সেল চালু করেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
এক সপ্তাহ আগে এই নামবদলের পর আজ প্রথম এই সেল খুললেন তিনি। কেউ কোথাও সমস্যায় পড়লে এই সেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন। লোকভবনের তিন পদস্থ আধিকারিক এই সেলের দায়িত্বে আছেন।

Be the first to comment