রোজদিন ডেস্ক : পর্যটনে ফের বড় সাফল্য। বিদেশি পর্যটক টানার দৌড়ে দেশের মধ্যে দু’নম্বের বাংলা। বুধবার এক্স হ্যান্ডলে এই সুখবর জানান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পর্যটন মন্ত্রকের তরফে সদ্য প্রকাশিত রিপোর্টকে উদ্ধৃত করে তিনি জানান, বিশ্বজুড়ে পর্যটকদের পছন্দের গন্তব্য হিসেবে বাংলা আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে।মুখ্যমন্ত্রী এদিন ইন্ডিয়া টুরিজম ডেটা কম্পেন্ডিয়াম ২০২৫-এর পরিসংখ্যান তুলে ধরে লেখেন, আমি গর্বের সঙ্গে জানাচ্ছি, পশ্চিমবঙ্গ আন্তর্জাতিক পর্যটকদের কাছে অন্যতম পছন্দের গন্তব্য হিসেবে উঠে এসেছে এবং আরও একটি মাইলফলক স্পর্শ করল। ভারত সরকারের সাম্প্রতিক তথ্য বলছে, বিদেশি পর্যটকদের আগমনের সংখ্যার বিচারে পশ্চিমবঙ্গ দেশের মধ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে। কোভিডের পর বিশ্বজুড়ে পর্যটন শিল্প বড় ধাক্কা খেয়েছিল। কিন্তু কঠিন সময় পেরিয়ে রাজ্য যে ভাবে ঘুরে দাঁড়িয়েছে, তাকেই কুর্নিশ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, এই সাফল্য হঠাৎ করে আসেনি, বরং এটি রাজ্য সরকারের ধারাবাহিক প্রচেষ্টারই ফল।রাজ্যের পর্যটন দফতর সাম্প্রতিককালে বেশ কিছু নতুন ক্ষেত্রের ওপর জোর দিয়েছে। এর মধ্যে উৎসব পর্যটন, ধর্মীয় পর্যটন এবং মাইস টুরিজম অন্যতম। দুর্গাপুজোর ইউনেস্কো স্বীকৃতি থেকে শুরু করে জঙ্গলমহল ও পাহাড়ের পর্যটন পরিকাঠামো উন্নয়ন, সব মিলিয়ে বিদেশি পর্যটকদের কাছে রাজ্যের আকর্ষণ বেড়েছে। উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী দেশ ও বিদেশের সমস্ত পর্যটককে এ রাজ্যে আমন্ত্রণ জানিয়ে লেখেন, আমি দেশি, বিদেশি সমস্ত পর্যটককে ‘ভারতের মিষ্টিতম অংশ’ এই পশ্চিমবঙ্গে আসার জন্য স্বাগত জানাচ্ছি। আপনারা আসুন এবং বাংলার সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যের সাক্ষী থাকুন।

Be the first to comment