রোজদিন ডেস্ক : দলের হুঁশিয়ারি উপেক্ষা করে মুর্শিদাবাদে মহাসমারোহে বাবরি মসজিদের শিলান্যাস করলেও এখনই বিধায়ক পদে ইস্তফা দিচ্ছেন না হুমায়ুন কবীর। আজ এই কথা জানিয়ে বিতর্কিত টিএমসি বিধায়ক বলেন, তাঁর নির্বাচনী কেন্দ্রর মানুষদের জন্যই এই সিদ্ধান্ত তাঁর। আমজনতার অনেক প্রয়োজনীয় কাজ বিধায়ককে করতে হয়। এখন তিনি ইস্তফা দিলে ওঁরা সমস্যায় পড়বেন। তাঁদের অনুরোধে এখনই তিনি ইস্তফা দিচ্ছেন না বলে জানান তিনি।
মুর্শিদাবাদে বাবরি মসজিদের শিলান্যাসের সিদ্ধান্ত নিয়ে দলের রোষে পড়েন হুমায়ুন কবীর। নিজের অবস্থানে অনড় থাকায় দল তাঁকে সাসপেন্ড করেছে। গতকাল বিপুল সমারোহে এই শিলান্যাস পর্ব সম্পন্ন করেছেন। দল তাঁকে সাসপেন্ড করার পর হুমায়ুন কবীর ঘোষণা করেছিলেন, চলতি মাসেই তিনি বিধায়ক পদে ইস্তফা দেবেন। আপাতত এই সিদ্ধান্ত থেকে সরে আসছেন।
রাজ্যে বিধানসভা নির্বাচনের আর বেশি দেরি নেই। ফলত তিনি ইস্তফা দিলে শীঘ্র উপনির্বাচন হওয়ার সম্ভাবনা কম। এই প্রেক্ষিতে হুমায়ুন নিজের সিদ্ধান্ত থেকে সরলেন বলে ওয়াকেবহাল মহল মনে করেন।
আজ ব্রিগেডে বড় মাপের গীতা পাঠের অনুষ্ঠান প্রসঙ্গে হুমায়ুন কবীর জানিয়ে দেন, মুর্শিদাবাদে তিনি লক্ষ কন্ঠের কোরান পাঠের আয়োজন করবেন।
তাঁর বাবরি মসজিদ শিলান্যাস নিয়ে রাজনৈতিক তরজাও অব্যাহত। বিজেপির অভিযোগ, এই সবই টিএমসি র খেলা। পক্ষান্তরে হুমায়ুন কবীর রাজ্যের শাসক দলকে হুঁশিয়ারি দেওয়াও জারি রেখেছেন।

Be the first to comment