রোজদিন ডেস্ক, কলকাতা:- বাম নেতাকে চড় মারার অভিযোগ উঠেছে বংশীহারি থানার আইসি-র বিরুদ্ধে। প্রসঙ্গত,
শ্রমিক ও কৃষক-বিরোধী কেন্দ্রীয় নীতির প্রতিবাদে এই বুধবার দেশজুড়ে সাধারণ ধর্মঘট কর্মসূচি করছে বাম কর্মী-সমর্থকরা। স্বাভাবিকভাবে সকাল থেকে জেলায় জেলায় বিক্ষিপ্ত অশান্তি ছবি ধরা পড়েছে ধর্মঘটকে ঘিরে। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে তো প্রশ্ন তোলাই হয়েছে। তবে বুনিয়াদপুরের ঘটনা আরও বিতর্কের সৃষ্টি করেছে।
দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে পুলিশের সঙ্গে সিপিএম কর্মীদের ধস্তাধস্তির ঘটনা ঘটে। অভিযোগ, এর মাঝেই এক সিপিএম নেতাকে সপাটে চড় মারে পুলিশ। তারপর তাঁকে আটক করা হয়। বাম নেতাকে চড় মারার অভিযোগ উঠেছে বংশীহারি থানার আইসি-র বিরুদ্ধে।
স্থানীয় সূত্রে খবর, বংশীহারি থানার আইসি অসীম গোপ ও সিপিএমের এরিয়া কমিটির সদস্য মাজেদুর রহমানের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। তার জেরেই মাজেদুরকে প্রকাশ্যে থাপ্পড় মারেন আইসি। মুহূর্তে বিক্ষোভ আরও বেড়ে যায়। এরপর ওই সিপিএম নেতাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত বাম কর্মীরা পুলিশের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগ তোলেন। স্থানীয় নেতৃত্বের দাবি, “গণতান্ত্রিক আন্দোলনে পুলিশের এই রকম আচরণ চূড়ান্ত অগণতান্ত্রিক। একজন রাজনৈতিক নেতাকে প্রকাশ্যে চড় মারা এবং আটক করা রাজ্যের ‘গণতন্ত্র’-এর আসল চেহারা।”

Be the first to comment