মহিলাদের কাঁধে জগদ্ধাত্রী, ঢাকের তালে নৃত্য! কৃষ্ণনগরের সাং বিসর্জনে নজর কাড়ল ঘূর্ণির মহিলা দল

Spread the love

রোজদিন ডেস্ক : 

কাঁধে জগদ্ধাত্রী প্রতিমা, পায়ে পায়ে ঢাকের ছন্দ, আর নাচের তালে এগিয়ে চলেছে একদল মহিলা। পরনে লাল পাড় সাদা শাড়ি। সামনে শিবমূর্তি সাজানো গাড়ি, চারপাশে রঙিন কালার স্মোকের ধোঁয়া। রাতের কৃষ্ণনগরের রাজপথে এমনই এক মনোমুগ্ধকর দৃশ্যের সাক্ষী থাকলেন হাজার হাজার মানুষ। জগদ্ধাত্রী প্রতিমা কাঁধে নিয়ে ঢাকের তালে তালে নেচে সাং বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিলেন ঘূর্ণি হালদারপাড়ার মহিলারা। তাঁদের এই ব্যতিক্রমী উদ্যোগ ঘিরে দর্শনার্থীদের মধ্যে দেখা গেল বাড়তি উন্মাদনা।

কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর অন্যতম প্রাচীন ও আকর্ষণীয় রীতি হল সাং প্রথায় প্রতিমা বিসর্জন। দীর্ঘদিনের এই ঐতিহ্য মেনে প্রতিমা কাঁধে তুলে শহরের নির্দিষ্ট পথ পরিক্রমা করে বিসর্জন ঘাটে পৌঁছন পুজো উদ্যোক্তারা। সেই রীতি মেনেই সোমবার রাতে শুরু হয় এবছরের প্রথম দিনের সাং বিসর্জন। সোমবার রাত থেকে শুরু হওয়া এই বিসর্জন পর্ব গড়ায় মঙ্গলবার দুপুর পর্যন্ত। এবছর ৪০টিরও বেশি জগদ্ধাত্রী প্রতিমা সাং প্রথায় কাঁধে করে নিয়ে যাওয়া হয় নিরঞ্জনের উদ্দেশ্যে।

তবে এত প্রতিমার ভিড়েও বিশেষভাবে নজর কাড়ে ঘূর্ণি হালদারপাড়ার বারোয়ারির মহিলা সাং। তাঁদের পুজোর অধিষ্ঠাত্রী দেবী ‘আদরিনী মাতা’। গত কয়েক বছর ধরেই বারোয়ারির মহিলা সদস্যরা নিজেরাই কাঁধে প্রতিমা তুলে সাং বিসর্জনের ঐতিহ্য বজায় রেখে চলেছেন। এদিনও একই সাজে, একই ছন্দে কাঁধে প্রতিমা নিয়ে ঢাকের তালে নৃত্য করতে করতে এগিয়ে যান তাঁরা। তাঁদের সম্মিলিত পদক্ষেপ ও উৎসাহে শোভাযাত্রায় তৈরি হয় এক অন্যরকম আবহ। রাস্তার দু’পাশে দাঁড়িয়ে থাকা দর্শনার্থীরাও হাততালি দিয়ে তাঁদের উৎসাহিত করেন।

এই দৃশ্য দেখতে হালিশহর থেকে কৃষ্ণনগরে এসেছিলেন অর্ণব নন্দী। তাঁর কথায়, কৃষ্ণনগরের সাং বিসর্জন এমনিতেই আকর্ষণীয়। তবে মহিলাদের কাঁধে প্রতিমা নিয়ে ঢাকের তালে নাচতে নাচতে এগিয়ে যাওয়ার দৃশ্য একেবারেই অন্যরকম। ঐতিহ্যকে ধরে রাখার পাশাপাশি তাঁরা যেভাবে এই দায়িত্ব পালন করছেন, তা সত্যিই প্রশংসনীয়।

অন্যদিকে দর্শনার্থী প্রিয়দর্শিনী দেবনাথের মতে, এতদিন সাং বহনের ক্ষেত্রে পুরুষদের অংশগ্রহণই বেশি চোখে পড়ত। কিন্তু এখন মহিলারাও সমানভাবে এই ঐতিহ্যের অংশ হয়ে উঠছেন। আগামী দিনে আরও বেশি মহিলা এই প্রথায় অংশ নিলে উৎসবের পরিসর আরও বাড়বে।

সময়ের সঙ্গে বদলেছে বিসর্জনের আয়োজন, এসেছে আধুনিকতার ছোঁয়া। কিন্তু কৃষ্ণনগরের সাং প্রথার ঐতিহ্য আজও অমলিন। আর সেই ঐতিহ্যকে নিজেদের কাঁধে তুলে নিয়ে ঘূর্ণি হালদারপাড়ার মহিলারা বুঝিয়ে দিলেন, রীতি ও পরম্পরা রক্ষায় নারীরাও সমানভাবে অগ্রণী ভূমিকা নিতে পারেন। তাঁদের এই অংশগ্রহণ কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জন উৎসবে যোগ করল এক নতুন মাত্রা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*