রোজদিন ডেস্ক :
রাজ্যে আর ঘুষ দিয়ে কাজ করানো চলবে না, ক্ষমতায় এসেই কড়া বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই লক্ষ্যে দুর্নীতি দমন শাখাকে ইতিমধ্যেই শক্তিশালী করা হয়েছে, সর্বসাধারণ যাতে সরাসরি অভিযোগ জানাতে পারেন, এর জন্য হেল্প লাইন চালু হয়েছে। সমাজ মাধ্যমে এর ব্যাপক প্রচার চালানো হচ্ছে। আজ ঝাড়্গ্রামের জামবনির বিডি ও অফিসে ২ লক্ষ টাকা ঘুষ নিতে গিয়ে হাতে নাতে গ্রেফতার হলেন সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার বিমল সাহা। জনৈক ঠিকাদারের অভিযোগে পুলিশ আগেই সতর্ক ও তৎপর ছিল।। টাকা নেওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ তাঁকে হাতেনাতে ধরে। টাকায় বিশেষ পাউডার লাগানো ছিল। ধৃত ইঞ্জিনিয়ার জলে হাত ডোবাতেই তার রঙ পালটে গোলাপি হয়ে যায়। সূত্রের খবর, একজন ঠিকাদার উপ স্বাস্থ্য কেন্দ্র তৈরি করে প্রাপ্য পাচ্ছিলেন না৷ এর জন্য বিমল সাহা তাঁর কাছে ২ লক্ষ টাকা ঘুষ চান৷
নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এর উল্লেখ করে বলেন, কোন সরকারি কাজে আর টাকা নেওয়া চলবে না৷
সূত্রের খবর, ধৃত বিমল সাহার বাড়ি বোলপুর। মাস ছয়েক আগে তিনি ঝাড়্গ্রামের জামবনি বিডি ও অফিসে বদলি হয়ে আসেন।
তরুণ এই সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারের এই ভাবে এক সঙ্গে ঘুষ নেওয়ার বিষয় সামনে আসায় বিস্মিত বিভিন্ন মহল।

Be the first to comment