রোজদিন ডেস্ক, কলকাতা:-ফের কাঠগড়ায় তৃণমূল। শাসক দলের বিধায়কের আরও এক ভয়াবহকাণ্ডের ভিডিও প্রকাশ্যে নিজের এক্সহ্যান্ডেলে পোস্ট করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যেখানে ‘ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন!’
এদিন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, তৃণমূল নেতাদের ঔদ্ধত্ব এবং উগ্রতা নিয়ে কারও জানতে বাকি নেই। এরপরেই তিনি একটি শকিং ঘটনাকে আলোকপাত করার কথা বলেছেন। মূলত পোস্ট করা ওই ভিডিওর দৃশ্য অনুযায়ী বিরোধী দলনেতার অভিযোগ, ‘সল্টলেকের পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজে লজ্জাজনক ছবি। ডেবরার তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রারকে লাথি মারছেন! সহকারী রেজিস্ট্রার প্রলয় চক্রবর্তীকে তাঁর অফিসের ভেতরে লাথি মারছেন হুমায়ুন।’
তিনি জানান, ‘ হিংসা থেকে বাঁচতে প্রলয় চক্রবর্তী তার কর্মক্ষেত্র ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন। লজ্জাজনক ঘটনা ধরা পড়লেও, স্বাস্থ্য বিভাগ নীরব ও বধির। তৃণমূলের বিধায়ক হলে সরকারি কর্মচারীদের উপর হিংসা চালানোর জন্য অবাধ অনুমতি?’ এমনটাই প্রশ্ন তুলেছেন শুভেন্দু অধিকারী।
কসবাকাণ্ডের পর এমনিতেই তোলপাড় রাজ্য রাজনীতি। চাপের মুখে শাসকদল। তার উপর রাজন্যা হালদারের বক্তব্যের পর আরও বিরোধীদের তোপের মুখে তৃণমূল। একের পর এক ঘটনা প্রকাশ্যে আসছে। ঠিক এই সময় আবার এমন এক ঘটনা আরোও চাপে ফেলল শাসক দলকে।

Be the first to comment