নতুন ভোটারদের ফর্ম ৬ নিয়ে অভিযোগ তুলে সিইসি জ্ঞানেশ কুমারকে চিঠি তৃণমূলনেত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : ভোটার তালিকায় নতুন করে নাম তোলার আবেদন বা ফর্ম ৬ জমা পড়াকে কেন্দ্র করে একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে তৃণমূল কংগ্রেসের প্রধান মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে চিঠি লিখেছেন। এর আগে এসআইআর ইস্যুতে মুখ্যমন্ত্রী হিসাবে জ্ঞানেশ কুমারকে একাধিক চিঠি দিয়েছিলেন তিনি। তবে তৃণমূল কংগ্রেসের চেয়ার পার্সন হিসেবে এটি তাঁর প্রথম চিঠি। যেখানে তৃণমূলনেত্রী দাবি করেছেন, ভোটার তালিকায় নাম তোলার জন্য সন্দেহজনক ভাবে বিপুল আবেদন জমা পড়ছে। বাংলার ভোটার তালিকায় বহিরাগতদের নাম অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। চিঠিতে মমতার অভিযোগ, ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ পড়ছে এবং একইসঙ্গে নতুন করে বিপুল আবেদন জমা পড়ছে, যা পরিকল্পিত চক্রান্তের ইঙ্গিত দিচ্ছে। তাঁর কথায়, বাংলার সঙ্গে কোনও যোগ নেই এমন ব্যক্তিদের ভোটার হিসেবে অন্তর্ভুক্ত করার চেষ্টা করা হচ্ছে।

তিনি আরও দাবি করেন, সুপ্রিম কোর্ট ইতিমধ্যেই নির্দেশ দিয়েছে যে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তি বা বিয়োজন সংক্রান্ত দাবি, আপত্তি বিচারিক আধিকারিকদের মাধ্যমে নিষ্পত্তি করতে হবে। সেই পরিস্থিতিতে প্রায় ৩০ হাজার নতুন ফর্ম ৬ আবেদন সরাসরি গ্রহণ করা হলে তা আইনবিরুদ্ধ হবে বলেও উল্লেখ করেন তিনি। ২৭ মার্চ জারি হওয়া একটি সার্কুলারের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত ফর্ম ৬ বা ফর্ম ৮-এর মাধ্যমে ভোটার তালিকায় পরিবর্তনের সুযোগ দেওয়া সুপ্রিম কোর্টের নির্দেশ এবং প্রযোজ্য আইনি কাঠামোর পরিপন্থী।

চিঠির শেষাংশে সংবিধানের ৩২৪ নং অনুচ্ছেদের উল্লেখ করে তিনি বলেন, নির্বাচন কমিশন কোনওভাবেই আইনবিরুদ্ধ পদক্ষেপ নিতে পারে না। বাস্তব পরিস্থিতি বিবেচনা করে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানান তিনি, যাতে মানুষের ভোটাধিকার সুরক্ষিত থাকে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*