জাস্টিস ফর বারুইপুর, কালিঘাটে মোমবাতি মিছিলে মমতা ব্যানার্জি

Spread the love

রোজদিন ডেস্ক :

দু বছর আগে জাস্টিস ফর আর জি কর আন্দোলন প্রায় টলিয়ে দিয়েছিল তাঁর সরকারের ভিত, এবার জাস্টিস ফর বারুইপুর এর দাবিতে পথে নামলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

আজ শেষ বিকেলে কালিঘাটে নিজের বাড়ির সামনে অনুগামীদের নিয়ে পথে নামেন তিনি। ঘরোয়া ভাবে পরা শাড়ি, এক হাতে বড় সবুজ মোমবাতি নিয়ে হাঁটেন তিনি। সঙ্গে দোলা সেন, অপরূপা পোদ্দার, উপাসনা চৌধুরী সহ বেশ কয়েকজন আনুগামী। আজ ই বারুইপুর গিয়ে নিহত বালিকার বাড়ি গিয়ে পরিবারের সঙ্গে কথা বলে এসেছেন দোলা সেন, প্রতিমা মন্ডল, বিমান ব্যানার্জি প্রমুখ। সূত্রের খবর প্রাক্তন মুখ্যমন্ত্রী তাঁদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

দোলা সেনরা ফিরে আসার পর মমতা ব্যানার্জির নেতৃত্বে এই মিছিল বেরোয়। অনুগামীদের হাতে ছিল বারুইপুরের নৃশংস ঘটনার বিচারের দাবিতে পোস্টার।

মিছিলে ধ্বনি ওঠে, মা বোনদের একটাই সুর/ জাস্টিস ফর বারুইপুর, তোমার আমার একটাই সুর /জাস্টিস ফর বারুইপুর ইত্যাদি। উচ্চ কন্ঠে শোনা যায়, উই ওয়ান্ট জাস্টিস। সারা বাংলার একটাই সুর/ জাস্টিস ফর বারুইপুর ইত্যাদি।

গতকাল থেকেই প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে বিশাল পুলিশ বাহিনী, ব্যারিকেড ছিল। আজও বহু পুলিশ, ব্যারিকেড ছিল সেখানে। প্রথমে পুলিশ তাঁদের গলির বাইরে যেতে দিতে চায়নি। ব্যারিকেডের সামনে এসে তা দাঁড়িয়ে পড়ে। প্রাক্তন মুখ্যমন্ত্রীকে কর্তব্যরত পুলিশ আধিকারিকের সঙ্গে কথা বলতে দেখা যায়। এরপর তাঁদের মিছিল গলি থেকে বেরিয়ে এলাকার বিভিন্ন পথ পরিক্রমা করে, মমতা ব্যানার্জি জিন্দাবাজ ধ্বনিও ওঠে। ডেরেক ওব্রায়েন, জয়া দত্ত প্রমুখকে দেখা যায় তাঁর পাশে। বড় জ্বলন্ত সবুজ মোমবাতি হাতে মমতা ব্যানার্জির নেতৃত্বে মিছিল এগোয়।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*