রোজদিন ডেস্ক : মনরেগা প্রকল্প থেকে মহাত্মা গান্ধীর নাম বাদ দিয়ে জি রাম জি (সংক্ষেপে) রাখার প্রস্তাবের বিরুদ্ধে তুমুল বিক্ষোভে উত্তাল হল সংসদ ভবন চত্বর। আজ জাতির জনক মহাত্মা গান্ধীর ছবি-সহ এক বিশাল ব্যানার নিয়ে বিরোধী সাংসদরা সংসদ ভবনে র প্রেরণা স্থলে গান্ধীজির মূর্তির সামনে থেকে মকর দ্বার অবধি মিছিল করেন। মুর্হুমুহু সরকার বিরোধী ধ্বনিতে উত্তাল হয় গোটা এলাকা৷ জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়ে দেন, সরকারের এই পদক্ষেপের বিরুদ্ধে তাঁরা সংসদ এর ভিতরে ও পথে নেমে লড়াই চালিয়ে যাবেন। ব্যানারে বড় করে মহাত্মা গান্ধীর মুখ ও এন আর ই জি এ লেখা নিয়ে তারা সরকারের বিরুদ্ধে উচ্চকন্ঠে ধ্বনি দেন। উল্লেখ্য, দীর্ঘ প্রায় কুড়ি বছর ধরে চলা এই গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের শুধু নাম বদলই নয়, কেন্দ্রীয় সরকারের বরাদ্দ ও এক লপ্তে অনেকটাই কমানো হয়েছে। আগে কেন্দ্র এই প্রকল্পের ৯০% খরচ বহন করলেও তা কমিয়ে ৬০% করা হয়েছে। বাকি ৪০% খরচ রাজ্যের ওপর চাপানো হয়েছে।
বিরোধীদের এই বিশাল প্রতিবাদ মিছিলে সোনিয়া গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, কে সি বেনুগোপাল, কে কানিমোঝি, টি আর বাললু, এ রাজা, ই টি মহম্মদ বশির, অরবিন্দ সাওন্ত, এন আর প্রেমচন্দন প্রমুখ বহু বিরোধী সাংসদ অংশ নেন। সমাজমাধ্যমে জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানান, মোদি সরকার শুধু মহাত্মা গান্ধীকে অপমান করেনি, কাজের অধিকারকেও শেষ করছে, দেশের গ্রামীণ এলাকায় যা সামাজিক অর্থনৈতিক পরিবর্তন এনেছিল, সেখানে আঘাত হেনেছে। এই একনায়ক সরকারের এই অত্যাচারের বিরুদ্ধে তাঁরা লাগাতার লড়াই করবেন বলে জানান।
কে সি বেনুগোপাল বলেন, আজ সংসদ গণতন্ত্রের হত্যা দেখলো।

Be the first to comment