প্রতিবেদন: আয়ুষ্মান ভারত, অন্নপূর্ণা যোজনা থেকে মহিলাদের জন্য বিনামূল্যে সরকারি বাসে ভ্রমণের পর এবার রাজ্যে চালু হল মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। শুভেন্দু অধিকারীর সরকার আগেই এই প্রকল্পের ঘোষণা করেছিল। রাজ্য মন্ত্রিসভার অনুমোদনের পর পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমা যোজনা চালু হয়ে গেল সোমবার থেকেই। বিজ্ঞপ্তি অনুযায়ী যে সকল পরিবার ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্পের সুবিধা পাবেন না, অথচ স্বাস্থ্য পরিষেবার প্রয়োজন তাঁদের জন্যই এই স্বাস্থ্য বিমা চালু করল রাজ্য সরকার। এই প্রকল্পের অধীন বছরে প্রতি পরিবার সর্বোচ্চ ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসা পরিষেবা পাবেন। থাকবে পরিবারের প্রত্যেক সদস্যের জন্য পৃথক স্বাস্থ্য কার্ড। আগে থেকে থাকা রোগের চিকিৎসাও অন্তর্ভুক্ত হবে এই প্রকল্পে। সরকারি ও তালিকাভুক্ত হাসপাতালগুলিতে মিলবে ক্যাশলেস চিকিৎসা। আধার ভিত্তিক যাচাইকরণের মাধ্যমে এই প্রকল্পের পরিষেবা প্রদান করা হবে। এখন প্রশ্ন হল, কারা এই প্রকল্পের সুবিধা পাবেন না, সেটাও বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে দেওয়া হয়েছে। বলা হয়েছে, যাঁদের বার্ষিক পারিবারিক আয় ৮ লক্ষ টাকার বেশি তারা এর বাইরে থাকবেন। এছাড়া ওয়েস্ট বেঙ্গল হেল্থ স্কিম, ইএসআই বা অন্যান্য সরকারি স্বাস্থ্য প্রকল্পের আওতাভুক্ত নির্দিষ্ট কর্মচারি ও পেনশনভোগীরাও এর সুবিধা পাবেন না। পাশাপাশি যে কোনও সরকারি সংস্থা ও বিভিন্ন গ্রুপ মেডিকেল ইন্স্যুরেন্সভুক্ত কর্মচারিরা এর বাইরে থাকবেন। ৭০ বছর বা তার উর্ধ্বরাও এই সুবিধা পাবেন না। এসআইআর-এ যাদের নাম বাদ পড়েছে তাঁরাও এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না স্পষ্ট করে দিয়েছে প্রশাসন।

Be the first to comment