প্রতিবেদন: রাজ্য প্রশাসনের বড় সাফল্য। পাচার হওয়ার আগেই পুলিশের বিপুল পরিমান গাঁজা আটক। সেই সঙ্গে গ্রেফতার হল সাতজন পাচারকারী। গাঁজা ভর্তি একটি ট্রাক ও দুটি এসকর্ট গাড়িও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সোমবার গভীর রাতে নির্দিষ্ট খবরের ভিত্তিতে পুরুলিয়ার মুফাসিল থানা এলাকার ১৮ নম্বর ন্যাশনাল হাইওয়ের বেলকুড়ি টোলপ্লাজার কাছে যৌথ অভিযান চালিয়ে কলকাতা পুলিশের এসটিএফ ও পুরুলিয়া জেলা পুলিশ এই আন্তঃরাজ্য মাদক পাচার চক্রের পর্দাফাঁস করল। ঘটনার পরই এক্স হ্যান্ডলে ঘটনার ভিডিয়ো পোস্ট করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে তিনি পুলিশের ভূয়ষী প্রশংসা করেন। এক্স-এ তিনি লেখেন, “আমাদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলির দ্রুত, সম্মিলিত এবং দৃঢ় পদক্ষেপকে আমি সাধুবাদ জানাই। গত রাতে এক বড় সাফল্যে কলকাতা পুলিশের এসটিএফ, পুরুলিয়া জেলা পুলিশের সঙ্গে সমন্বয় করে একটি বড় আন্তঃরাজ্য মাদক পাচার চক্রকে সফলভাবে রুখে দিয়েছে।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুরুলিয়া মুফাসিল থানার অধীন এনএইচ ১৮-এর বেলকুড়ি টোল প্লাজার কাছে একটি ট্রাককে আটক করা হয়। ট্রাকচালকের সিটের পিছনে বিশেষভাবে তৈরি গোপন চেম্বার থেকে প্রচুর পরিমাণে নিষিদ্ধ মাদক গাঁজা উদ্ধার করা হয়। ওড়িশা থেকে আসানসোলের দিকে যাওয়া ট্রাকটির সঙ্গে থাকা দুটি এস্কর্ট গাড়িকেও আটক করা হয় এবং মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
পশ্চিমবঙ্গ সরকার অবৈধ মাদক পাচার এবং আমাদের যুব সমাজ ও সমাজের নিরাপত্তাকে হুমকির মুখে ফেলে এমন যে কোনও বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে জিরো-টলারেন্স নীতি নিয়েছে।
আমাদের পুলিশকর্মীদের অক্লান্ত নজরদারি এবং নিষ্ঠার জন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অপরাধী চক্রগুলিকে আমরা এভাবেই কঠিন হাতে নির্মূল করতে থাকব।”

Be the first to comment