পার্থ চ্যাটার্জিকে সশরীরে না এলে জামিন বাতিলের হুঁশিয়ারি বিচারপতির

Spread the love

রোজদিন ডেস্ক :
প্রাথমিক নিয়োগ মামলায় দীর্ঘদিন কারাবাসের পর
জামিন পেয়েই তিনি ব্যস্ত নানা কাজে। শুরু করেছেন নিজের মত করে রাজনৈতিক কর্মকান্ড। আজ বিচার ভবনে এই মামলার শুনানিতে জামিন পাওয়া প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জিকে না দেখে রীতিমত বিরক্ত হন বিচারপতি শুভেন্দু সাহা। সশরীরে আদালতে হাজির না হলে জামিন বাতিলেরও হুঁশিয়ারি দেন তিনি।
দেশব্যাপী সাড়া জাগানো এই মামলায় ইতিমধ্যে পার্থ চ্যাটার্জি সহ অনেকেই জামিনে মুক্ত আছেন। আজ বিচারপতি পরিস্কার জানিয়ে দেন, পার্থ চ্যাটার্জি-সহ যাঁরা এই মামলায় উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন, তাঁদের শর্ত দেওয়া আছে যে শুনানির দিন তাঁদের আদালতে উপস্থিত থাকতে হবে। অনুপস্থিত পার্থ বাবু-সহ অন্যদের হুঁশিয়ারি দিয়ে তিনি বহু প্রচলিত প্রবাদ উল্লেখ করে বলেন, আশা করা যায় কেউ পচা শামুকে পা কাটবেন না।
এই হুশিঁয়ারিতে দৃশ্যত অস্বস্তিতে পড়া পার্থ চ্যাটার্জির আইনজীবি জানান, শারীরিক অসুস্থতার জন্য উনি আজ আসতে পারেননি।
বিচারপতি শুভেন্দু সাহা স্পষ্ট তাঁকে জানিয়ে দেন, উনি হাজিরা না দিলে এই (ইডি) আদালতের জামিন বাতিলের ক্ষমতা আছে।
আজ পার্থ চ্যাটার্জি ছাড়াও এই মামলায় অন্যতম অভিযুক্ত শান্তনু ব্যানার্জিও আসেননি।
তবে মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, কুন্তল ঘোষ, পার্থ চ্যাটার্জির বান্ধবী অর্পিতা মুখার্জি সহ কয়েকজন হাজিরা দেন।
অর্পিতা মুখার্জি তাঁর বন্ধ করে দেওয়া ব্যাংক অ্যাকাউন্টগুলি খুলে দেওয়ার আবেদন করেন। তাঁর যুক্তি, ২০০২ সালে এই সব অ্যাকাউন্ট খোলা হয়। তখন এই মামলার কোন অস্তিত্ব ছিল না।
তাই এখন তা খুলে দেওয়ার আর্জি জানান তিনি।
আগামী ৮ ডিসেম্বর অর্পিতা মুখার্জির এই আবেদনের শুনানি হবে বলে আদালত সূত্রে জানা যায়।
মন্ত্রী চন্দ্রনাথ সিংহর আইনজীবি জানান, এই মামলার ইডি-র দেওয়া সব নথি এখনও পড়া হয়নি। তিনি জানুয়ারি মাসে এই বিষয়ে চার্জ গঠনের প্রক্রিয়ার আর্জি জানান।
৬ জানুয়ারি তাঁর এই আবেদনের শুনানি হবে।
উল্লেখ্য, জামিন পাওয়ার পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কথিত এই মামলার “মাস্টার মাইন্ড”, পার্থ চ্যাটার্জি রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন। তাঁর বিধায়ক তহবিলের টাকার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষর কাছে দাবি ও করেছেন বলে জানা যায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*