প্রতিবেদন: সোমবার ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তী। এই উপলক্ষে সদ্য তৈরি করা হয়েছিল তাঁর মূর্তি। ঠিক ছিল জন্মদিবসে আনুষ্ঠানিক ভাবে উন্মোচিত হবে মূর্তি। কিন্তু তাল কাটল তার আগেরদিন রাতে। অভিযোগ শনিবার বেশি রাতের দিকে একদল অজ্ঞাত পরিচয় দূষ্কৃতী এসে ভেঙে দিয়ে যায় মূর্তির বেদী। ক্ষতি করা হয় মূর্তির বেদীর। ঘটনাকে কেন্দ্র করে মানিকতলার সুকিয়া স্ট্রিট এলাকায় তুমুল উত্তেজনা। বিজেপির তরফে আমহার্স্ট স্ট্রিট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পিছনে কারা জানতে তদন্তে নেমেছে পুলিশ। জানা গিয়েছে, বেলেঘাটা বিধানসভার অন্তর্গত সুকিয়া স্ট্রিটের রামমোহন লাইব্রেরির সামনে তৈরি করা হয়েছিল বেদী। বেদীর ওপর শ্যামাপ্রসাদ ও গোপাল মুখোপাধ্যায়ের মূর্তি বসানো হয়েছিল। সোমবার এর আনুষ্ঠানিক উন্মোচন ছিল। মূর্তি দুটি বসানোর উদ্যোগ নেয় উত্তর কলকাতা ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা। কিন্তু উন্মোচনের আগেই বেদীতে ব্যাপক ভাঙচুর করা হয় কাল রাতে। বেদীতে নাম-ফলক লাগানো জায়গাটি সম্পূর্ণ ভেঙে ফেলা হয়েছে, ক্ষতি হয়েছে মূর্তিরও, এমনই অভিযোগ। পুলিশের অনুমান শাবল জাতীয় কোনও ভারী জিনিস দিয়ে বেদীর উপর আঘাত করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বলছেন, রাত প্রায় পৌনে ১২টা নাগাদ মিস্ত্রিরা কাজ শেষ করে চলে যায়। তখনই বেদীতে নামের ফলক লাগানো হয়। তারপর ভাঙচুর করা হয়। গোটা ঘটনার পিছনে তৃণমূলের উন্মাদ বাহিনীর হাত থাকতে পারে বলেই অভিযোগ করছেন আয়োজকরা। পুলিশ এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে।

Be the first to comment