এসআইআরে বাদ পড়াদের তালিকা প্রকাশ কমিশনের, কমিশনের অ্যাপে দেখা যাচ্ছে খসড়া ভোটার তালিকা

Spread the love

রোজদিন ডেস্ক : এসআইআরে বাদ পড়াদের খসড়া তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তালিকায় আপাতত ৫৮ লক্ষের বেশি বাদ পড়া নাম রয়েছে। এর পাশাপাশি ২০০২ সালের ভোটার তালিকার সঙ্গে কোনও ভাবে সংযোগ মেলেনি এমন আনম্যাপড ভোটারের সংখ্যা প্রায় ৩০ লক্ষ বলে জানিয়েছে কমিশন। খসড়া তালিকায় কোন কারণে কার নাম বাদ গিয়েছে, তার ব্যাখ্যাও নামের পাশে উল্লেখ করেছে কমিশন। মৃত, অনুপস্থিত, ডুপ্লিকেট বা স্থানান্তরিত— এই কারণগুলির ভিত্তিতেই নাম বাদ পড়েছে বলে জানানো হয়েছে। এই তালিকায় মোট ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম রয়েছে। এরা কোনও না কোনও বাদ পড়েছেন। এর মধ্যে নিখোঁজ ভোটারের সংখ্যা ১২ লক্ষ ২০ হাজার ৩৮, মৃত ২৪ লক্ষ ১৬ হাজার ৮৫২, স্থানান্তরিত ১৯ লক্ষ ৮৮ হাজার ৭৬, ডুপ্লিকেট ১ লক্ষ ৩৮ হাজার ৩২৮ জন। এই রাজ্যেই প্রথমবার বাদ পড়া নামের তালিকার পাশাপাশি বাদ দেওয়ার কারণ প্রকাশ করা হল বলেই দাবি করেছে কমিশন। কমিশন জানিয়েছে, খসড়া তালিকায় নাম না থাকলেও চিন্তার কারণ নেই। কোনও অসঙ্গতি চোখে পড়লে সংশ্লিষ্ট বিএলও-র কাছে গিয়ে জানানো যাবে। কাগজপত্র জমা দেওয়া সত্ত্বেও যদি কারও নামের পাশে ‘অনুপস্থিত’ লেখা থাকে, সে নিয়েও আপত্তি জানানো যাবে। আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত এই পর্ব চলবে। সেই অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজন হলে সংশ্লিষ্ট ভোটারকে শুনানিতে ডাকা হতে পারে বলে জানিয়েছে কমিশন। ১৬ ডিসেম্বর থেকে।৭ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে শুনানি ও যাচাইকরণ। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৪ ফেব্রুয়ারি। এছাড়া কমিশনের অ্যাপ ও ওয়েবসাইটে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা দেখা যাচ্ছে। voters.eci.gov.in ওয়েবসাইটে গিয়ে তালিকা দেখা যাবে। পাশাপাশি কমিশনের ইসিনেট অ্যাপেও খসড়া তালিকা প্রকাশিত হয়েছে। এপিক নম্বর দিয়ে তা দেখতে পাবেন ভোটাররা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*