রোজদিন ডেস্ক: দীর্ঘ আইনি লড়াইয়ের শেষে ঘটল শাপমুক্তি। শুক্রবার সন্ধ্যায় মালদহ সীমান্ত হয়ে ঘরে ফিরলেন বাংলাদেশে আটকে থাকা সোনলি বিবি ও তাঁর নাবালক ছেলে। আজ শনিবার বীরভূমে নিজের বাড়িতে ফিরছেন তাঁরা। জানা গিয়েছে, সোনালি বিবির সঙ্গে দেখা করতে পারেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোনালি বিবির মুক্তির খবর সামনে আসতেই অভিষেক তাঁকে শুভেচ্ছা জানান। সেখানেই তিনি দেখা করার ইচ্ছে প্রকাশ করেন। তবে দিনক্ষণ এখনও কিছু চূড়ান্ত হয়নি। তবে খুব শীঘ্রই দু’জনের সাক্ষাৎ হতে পারে বলে খবর।এরই মধ্যে বন্দিদশা কাটার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান সোনালি বিবি। শুধু মুখ্যমন্ত্রী নন, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও সামিরুল ইসলামকেও ধন্যবাদ জানান তিনি। বাংলাদেশের জেলে থাকাকালীন মুখ্যমন্ত্রীর তরফ থেকে অর্থ সাহায্যও করা হয়েছে বলে জানান অন্তঃসত্ত্বা সোনালি। গত জুলাই মাসে দিল্লি থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী অভিযোগে সোনালি বিবি-সহ ছ’জনকে পাকড়াও করে পুলিশ। এদেশে নাগরিকত্বের বৈধ সব কাগজপত্র সঙ্গে থাকলেও অনুপ্রবেশকারী বলে দাগিয়ে বাংলাদেশে পুশব্যাক করা হয়। সেখানে সোনালির নাবালক ছেলে-সহ তাঁদের গ্রেফতার করে বাংলাদেশ পুলিশ। তারপর থেকে সেই দেশের জেলেই বন্দি ছিলেন সোনালিরা।

Be the first to comment