রোজদিন ডেস্ক , কলকাতা:- মুড়িগঙ্গা নদীর উপর তৈরি হবে সেতু। যার নাম ‘গঙ্গাসাগর সেতু’। আগেই সরকারিভাবে এই সেতু তৈরির জন্য ১ হাজার ৫০০ কোটি টাকা খরচ হবে বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই আবহে বুধবারের মমতা সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটে এই সেতু নিয়ে করা হল বড় ঘোষণা। ‘গঙ্গাসাগর সেতু’র জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার।
সাগর দ্বীপে বিশ্ববিখ্যাত ‘গঙ্গা-সাগর মেলা’ প্রতিবছর সুচারুভাবে অনুষ্ঠিত হয়। এই মেলায় পৃথিবীর নানা প্রাপ্ত থেকে কোটি কোটি পুণ্যার্থী অংশগ্রহণ করেন। বর্তমানে রাজ্যের মূল ভূখণ্ড থেকে সাগর দ্বীপে প্রবেশের কোনো স্থলপথ নেই। এজন্য পুণ্যার্থীদের পক্ষে জলপথ পার হয়ে এই মেলায় পৌঁছানো খুবই কঠিন ও কষ্টসাধ্য। কেন্দ্রীয় সরকারের আশ্বাস থাকলেও সেতু নির্মাণ হয়নি। সেইজন্য পুণ্যার্থীদের যাতায়াতের সমস্যা দূর করতে ‘গঙ্গাসাগর সেতু’ কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
উল্লেখ্য, সেতু নির্মাণের জন্য রাজ্যকে প্রায় ১২.৯৭ একর জমি কিনতে হয়েছে। কাকদ্বীপ অংশে ৭.৯৫ একর জমি কিনতে হয়েছে এবং কচুবেড়িয়া অংশে ৫.০১ একর জমি ক্রয় করতে হয়েছে রাজ্য সরকারকে। ইতিমধ্যে এই প্রকল্পের ডিটেল প্রজেক্ট রিপোর্ট (ডিপিআর) সম্পূর্ণ এবং টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছে। এই আবহে এবার বাজেটে গঙ্গাসাগর সেতুর জন্য ৫০০ কোটি টাকা বরাদ্দ কাজে যে গতি বাড়বে বলে মনে করছে ওয়াকিবহল মহল।

Be the first to comment