রোজদিন ডেস্ক, কলকাতা:- ভারত-পাকিস্তান যুদ্ধ আবহ। এই পরিস্থিতিতে ভারতীয় সেনাপ্রধানকে বাড়তি ক্ষমতা দিল কেন্দ্রীয় সরকার। সেনাপ্রধানকে টেরিটোরিয়াল আর্মিতে তালিকাভুক্ত অফিসারদের ডেকে পাঠানোর ক্ষমতা দেওয়া হয়েছে। এখন টেরিটোরিয়াল আর্মিও সাহায্য করবে ভারতীয় সেনাকে!
শুক্রবার সেনাবাহিনীর তিন প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সেনাপ্রধান অনিল চৌহান, আর্মি চিফ জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, এয়ার চিফ মার্শাল এপি সিং এবং নেভি চিফ অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী। তারপরই এই সিদ্ধান্ত ঘোষণা করা হয়।
প্রতিরক্ষা মন্ত্রকের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, এখন থেকে টেরিটোরিয়াল আর্মির যে কোনও অফিসার বা জওয়ানকে কাজে লাগাতে পারবে ভারতীয় সেনা। নোটিফিকেশন অনুযায়ী, ‘১৯৪৮-এর ৩৩ নম্বর ধারা অনুযায়ী ভারত সরকার সেনাপ্রধানকে টেরিটোরিয়াল আর্মির প্রতিটি অফিসার এবং নথিভুক্ত সদস্যকে প্রয়োজনে ডেকে পাঠাতে বা সম্পূর্ণভাবে কাজে নিযুক্ত করার অনুমোদন দিয়েছে।’ টেরিটোরিয়াল আর্মির ৩২টি ইনফ্যান্ট্রি ব্যাটালিয়নের মধ্যে ১৪টি ব্যাটালিয়নকে পুরোপুরি নিযুক্ত করার অনুমোদন দেওয়া হয়েছে। এই ব্যাটালিয়ানগুলিকে ভারতীয় সেনাবাহিনীর দক্ষিণ, পূর্ব, পশ্চিম, কেন্দ্র, উত্তর, দক্ষিণ-পশ্চিম, আন্দামান ও নিকোবর কমান্ড এবং আর্মি ট্রেনিং কমান্ড(ARTRAC)-এ মোতায়েন করা হবে।
কারা এই টেরিটোরিয়াল আর্মি?
ভারতের টেরিটোরিয়াল আর্মি হল স্বেচ্ছাসেবক, স্বেচ্ছাঅবসর নেওয়া সেনা আধিকারিকদের একটি সহায়ক সামরিক সংস্থা। যা প্রয়োজনে ভারতীয় সেনাবাহিনীকে সহায়তা পরিষেবা প্রদান করে। এটি অফিসার, জুনিয়র কমিশনড অফিসার, নন-কমিশনড অফিসার এবং ভারতীয় সেনাবাহিনীর মতো পদধারী অন্যান্য কর্মীদের নিয়ে গঠিত, তাঁদের মধ্যে বেসামরিক পেশার ব্যক্তিরাও রয়েছেন। দেশের বহু সফল ক্রীড়াবিদদের সামরিক সম্মান দেওয়া হয়। যেমন-কপিল দেব, শচীন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি, নীরজ চোপড়া, অভিনব বিন্দ্রা, রাজ্যবর্ধন সিং রাঠৌররা এই সম্মান পেয়েছেন। অর্থাৎ তাঁরাও টেরিটোরিয়াল আর্মির অংশ। ফলে প্রয়োজনে তাঁদেরও ডাকা হতে পারে।
প্রসঙ্গত, রাশিয়া, চিনের মতো দেশগুলিতে বিশেষ নিয়ম রয়েছে। যার মাধ্যমে যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ নাগরিকদের তাঁদের ইচ্ছার বিরোধী যুদ্ধে পাঠাতে পারে। কিন্তু ভারতে এমন কোনও নিয়ম নেই। সেক্ষেত্রে প্রয়োজনে সেনার ‘রিজার্ভ ফোর্স’ হিসেবে কাজ করে এই টেরিটোরিয়াল আর্মি।
এদিকে এদিন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র সঙ্গে বৈঠক করেন আইবি চিফ তপন ডেকাও। আলাদা করে দেখা করেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালও।

Be the first to comment