রোজদিন ডেস্ক :
ত্রিপুরা রাজ্য পুলিশের ডি জি অনুরাগ ধনকর কর্মরত অবস্থায় প্রয়াত হয়েছেন। সূত্রের খবর, নিজের অফিসে আজ আচমকা তিনি অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর পালস, রক্তচাপ না থাকলেও শেষ চেষ্টা হিসাবে সিপিআর দেওয়া হয়, এতে কোন কাজ হয়নি।
১৯৯৪ সালের ত্রিপুরা ক্যাডারের আইপিএস অনুরাগ ধনকরের এই আকস্মিক প্রয়াণে সরকার ও প্রশাসনিক মহলে চাঞ্চল্য দেখা দেয়। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মানিক সাহা পুলিশের সদর দফতরে গিয়ে খোঁজ খবর নেন। ঘটনাস্থলে ফরেনসিক বিশেষজ্ঞরা গিয়ে নমুনা সংগ্রহ ও প্রাথমিক তদন্ত করছেন বলে প্রকাশ।
গত বছর তিনি ত্রিপুরার ডিজি-র দায়িত্ব গ্রহণ করেছিলেন।
কর্মরত অবস্থায় ডিজি-র মৃত্যু নিয়ে রাজনৈতিক বিতর্ক ও শুরু হয়েছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, বিরোধী নেতা জিতেন্দ্র চৌধুরী ডিজি-র এই প্রয়াণে গভীর শোক ব্যক্ত করে বিচারবিভাগীয় তদন্তের দাবি করেন। রাজ্য প্রশাসন কেন দ্রুত তাঁর ময়না তদন্তের ব্যবস্থা করছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন তাঁরা।
সিপিএমের দুই নেতার অভিযোগ, তাঁরা হাসপাতালে প্রয়াত ডিজি-র মরদেহে শ্রদ্ধা জানাতে গেলে বাধা দেওয়া হয়। অনুরাগ ধনকরের মত দক্ষ, সৎ পুলিশ আধিকারিকের মৃত্যুর নেপথ্যে কোন রহস্য আছে কিনা তদন্ত হওয়া দরকার বলে তাঁরা মনে করেন।
প্রয়াত ডিজি-র মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা অব্যাহত। ময়না তদন্তের আগে এর কারণ বলা যাবে না বলে প্রশাসন সূত্রে প্রকাশ।
দীর্ঘদিন বহু গুরুত্বপূর্ণ পদে কাজ করা অনুরাগ ধনকরের আকস্মিক প্রয়াণে পুলিশ সহ রাজ্য প্রশাসনের বিভিন্ন মহলে গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment