রোজদিন ডেস্ক, কলকাতা:- মহেশতলায় দুই গোষ্ঠীর হিংসা নিয়ে ক্রমশ বাড়ছে রাজনৈতিক উত্তেজনা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেন হিন্দুদের বাড়ি, দোকানে লুটপাট হয়েছে। এবার প্রতিক্রিয়া এল তৃণমূলের তরফে। রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের মহেশতলাকান্ড নিয়ে অভিযোগ, বিজেপি অশান্তি তৈরির চেষ্টা করছে।
এদিন ফিরহাদ হাকিম বলেন, ‘আমাদের এই বাংলায় হিংসার কোনও জায়গা নেই। বাংলাকে গুজরাত হতে দেব না। যদি কোনও ক্রিমিনাল অশান্তি তৈরির চেষ্টা করে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আইনের লক্ষ্য, ক্রিমিনালদের শাস্তি দেওয়া। সেটাই হবে। দোষীদের ছাড়া হবে না। পুলিশের গায়ে হাত তুললে শাস্তি হবে। কেউ আইনের ঊর্ধ্বে নয়। বিজেপি সন্ত্রাসবাদী দল। ওরা কী বলল বা বলল না তাতে কিছু আসে যায় না। ওরা ধর্মীয় উসকানি দেয়। ভেদাভেদ তৈরি করার চেষ্টা করছে। আমাদের বাংলায় শান্তি রয়েছে। ধর্ম নিরপেক্ষ পরিবেশ বজায় রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।’
প্রসঙ্গত সন্ধ্যাবেলা মহেশতলাকাণ্ড নিয়ে সরব হয়ে ভবানী ভবনে ডিজির সঙ্গে দেখা করতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে তিনি দাবি করেন, ডিজি তাঁর সঙ্গে দেখা করেননি। শুভেন্দুর অভিযোগ, হিন্দুদের বাড়িতে, দোকানে লুট, ভাঙচুর চালানো হয়েছে। পুলিশ আক্রান্ত হয়েছে। বহু গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে। পুলিশ ও হিন্দুদের বাঁচানোর জন্য আধা সামরিক বাহিনী মোতায়েনের দাবিও জানান তিনি।

Be the first to comment