রোজদিন ডেস্ক :
পাকিস্তানের কারাবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান কেমন আছেন এই প্রশ্নে উত্তাল ওই দেশ-সহ সারা বিশ্ব। সমাজমাধ্যমে তাঁর মৃত্যু নিয়ে একটি অসমর্থিত খবর ছড়িয়ে পড়ায় সর্বত্র প্রবল উদ্বেগ, উৎকন্ঠা দেখা দিয়েছে। সূত্রের খবর, আফগান টাইমস-এ বলা হয়, রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানকে “হত্যা” করা হয়েছে। এখন অবধি এই খবরের সত্যতা জানা না গেলেও এই খবর কেন্দ্র করে দাবানলের মত গুজব ছড়িয়ে পড়ে।
আজ এই গুজব আরও পূর্ণতা পায়, যখন ইমরান খানের পরিবার অভিযোগ করেন, প্রাক্তন প্রধানমন্ত্রীকে তাঁদের সঙ্গে দেখা করতে দেওয়া হচ্ছে না, ওঁকে সলিটারি কনফাইনমেন্টে রাখা হয়েছে। তাঁর বোনেরা আদিয়ালা কারাগারের বাইরে প্রতিবাদ করতে গেলে তাঁদের জোর করে সেখান থেকে সরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
কারাবন্দি ইমরান খানের তিন বোন, নরীন, আলিমা ও উজমার অভিযোগ, আদিয়ালা কারাগারে বন্দি ইমরান খানকে প্রচণ্ড অত্যাচার করা হয়। তাঁকে হেনস্থা, দুর্ব্যবহারের ও কথা বলেন তাঁরা।
এক সময় বিশ্বব্যাপী খ্যাতির চূড়ায় থাকা তারকা ক্রিকেটার, পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান গত ২০২৩ সাল থেকে বিপুল দুর্নীতির দায়ে কারাবন্দি আছেন৷ আজ তাঁর অসমর্থিত মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার সমর্থক কারাগারের সামনে তুমুল বিক্ষোভ দেখান। রাওয়ালপিন্ডিতে কারাগার লক্ষ্য করে ইঁট পাথর ও ছোঁড়া হয়।
ইমরান খানের নেতৃত্বেই পাকিস্তান একবার বিশ্বকাপ জিতেছিল। ক্রীড়া, রাজনৈতিক অঙ্গনে তাঁর বহু অনুরাগী আছেন। আজ একাধিক সমাজমাধ্যমে তাঁকে নিয়ে কার্যত পোস্টের বন্যা বয়ে যায়। এমন কি অনেকে স্ট্রেচারে শোওয়া তাঁর ছবিও পোস্ট করেন।
যদিও সরকারিভাবে এই খবরের সত্যতা এখনও জানা যায় নি।
প্রাক্তন এই ক্রিকেট তারকার বিদেশি অনুরাগীর সংখ্যাও কম না। বিভিন্ন মহল থেকে তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগ ব্যক্ত করে সমাজ মাধ্যম-সহ বিভিন্ন জায়গায় খোঁজ নেওয়া হয়।
কেন তাঁর বোনদের সঙ্গে দুর্ব্যবহার করা হল, কেনই বা তাঁদের সঙ্গে ইমরান খানকে দেখা করতে দেওয়া হচ্ছে না, ইত্যাদি প্রশ্নে এখন উত্তাল দেশ-বিদেশ।

Be the first to comment