রোজদিন ডেস্ক, কলকাতা:- পাকিস্তানের গোলা বর্ষণে ভয়ানক ক্ষতিগ্রস্ত সীমান্তের একাধিক অঞ্চল। সেই সব অঞ্চল পায়ে হেঁটে ঘুরে দেখলেন তৃণমূলের প্রতিনিধি দল। পাশাপাশি পাক হানায় আহতদের দেখতে রাজৌরির জেলা হাসপাতাল এবং মেডিক্যাল কলেজ পর্যবেক্ষণ করেন। আহতদের সঙ্গে কথা বলে তাঁদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে তৃণমূল।
বৃহস্পতিবার পুঞ্চে গিয়ে পাক গোলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ান ডেরেক ওব্রায়েন, সাগরিক ঘোষ, মানস ভুঁইয়ারা। সান্ত্বনা দেন স্বজনহারাদের। তৃণমূলের সাংসদরা পুঞ্চে গিয়ে তাঁদের পাশে দাঁড়ানোয় অনেকটা স্বস্তি পান এলাকাবাসী। মন খুলে তাঁরা নিজেদের সুবিধা-অসুবিধার কথা বলেন তৃণমূলের প্রতিনিধিদলের সঙ্গে।
রাজ্যের মন্ত্রী মানস ভুঁইয়া বলেন, “পুঞ্চের মানুষকে সহানুভূতি জানাতে এবং তাদের লড়াইকে কুর্নিশ জানাতেই আমরা এখানে এসেছি। এখানকার সরকার যাতে পুঞ্চের মানুষের জন্য কাজ করতে পারে তার জন্য তাদের পর্যাপ্ত সুযোগ পাওয়া উচিত।”
প্রতিনিধি দলের আরেক সদস্যা সাগরিকা ঘোষ বলেন, “সীমান্ত এলাকায় মৃতদের পরিবারের জন্য সরকারের তরফে সবরকম ব্যবস্থা করা হচ্ছে। ক্ষতিপূরণ দেওয়া, প্রয়োজনীয় চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া থেকে ক্ষতিগ্রস্ত বাড়িঘর, স্কুল-কলেজের পুনর্নির্মাণ, বিপর্যস্ত মানুষদের পাশে দাঁড়ানো- সবেতেই মানুষের পাশে দাঁড়াচ্ছে জম্মু ও কাশ্মীরের সরকার। ওমর আবদুল্লার নির্বাচিত সরকারকে এই সবের জন্য পূর্ণ ক্ষমতা দেওয়া উচিত বলেই আমরা মনে করি।”

Be the first to comment