রোজদিন ডেস্ক : আগামী বছর ফেব্রুয়ারি মাসে উত্তরবঙ্গের কোচবিহার-কলকাতা বিমান পরিষেবা বন্ধ হতে চলেছে?? এই প্রশ্নে উদবিগ্ন সংশ্লিষ্ট মহল। দীর্ঘ টানাপোড়েনের পর ২০২৩ সালে বহু প্রতীক্ষিত এই উড়ান পরিষেবা শুরু হয়। ইন্ডিয়া এয়ার ওয়ান এই রুটে নয় আসন বিশিষ্ট বিমান চালায়। সূত্রের খবর, সম্প্রতি এই বিমান কর্তৃপক্ষ কোচবিহার বিমানবন্দর আধিকারিককে এই উড়ান আর চালাবে না বলে জানিয়েছে। গত কয়েক বছরে যাত্রী ঘাটতি না থাকলেও কেন কর্তৃপক্ষ এই উড়ান বন্ধ করতে চায় তা নিয়ে এলাকায় গুঞ্জন উঠেছে। উদবেগ ছড়িয়েছে বিভিন্ন মহলেও।
স্থানীয় বাম নেতৃত্ব এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যকে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সূত্রের খবর, এই রুটে বেশি আসনের বিমান চালানোর জন্য দাবি উঠলও কোন পক্ষই কর্ণপাত করেনি বলে অভিযোগ।
আগামী বছর রাজ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচনের আগে এই উড়ান পরিষেবা বন্ধ হলে বিরূপ প্রতিক্রিয়া হবে বলে রাজনৈতিক মহলের আশঙ্কা। রাজ্য ও কেন্দ্র এই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা নেবে বলে সংশ্লিষ্ট মহলের আশা।

Be the first to comment