রোজদিন ডেস্ক : রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার এন্যুমারেশন ফর্ম জমা দেওয়ার শেষ পর্বে এসে নজরদারি আরও জোরদার করতে ৫ জন নতুন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করল নির্বাচন কমিশন। এর আগে রাজ্যের জন্য ১৩ জন স্পেশাল রোল অবজার্ভার নিয়োগ করা হয়েছিল। নতুন করে যাঁদের দায়িত্ব দেওয়া হল, তাঁরা প্রত্যেকেই কেন্দ্রের বিভিন্ন মন্ত্রকের যুগ্ম-সচিব পদমর্যাদার আইএএস আধিকারিক। কমিশন সূত্রে জানা গিয়েছে, মেদিনীপুর, প্রেসিডেন্সি, মালদহ, বর্ধমান ও জলপাইগুড়ি, এই পাঁচ ডিভিশনে নতুন স্পেশাল রোল অবজার্ভারদের দায়িত্ব দেওয়া হয়েছে। মেদিনীপুর ডিভিশনের দায়িত্বে থাকছেন স্বরাষ্ট্র মন্ত্রকের যুগ্মসচিব নীরজ কুমার বানসোড়। প্রেসিডেন্সি ডিভিশনে প্রতিরক্ষা মন্ত্রকের যুগ্মসচিব কুমার রবিকান্ত সিংহ, মালদহ ডিভিশনে অর্থ মন্ত্রকের যুগ্মসচিব অলোক তিওয়ারি, জলপাইগুড়ি ডিভিশনে গ্রামোন্নয়ন মন্ত্রকের যুগ্মসচিব পঙ্কজ যাদব এবং বর্ধমান ডিভিশনে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের যুগ্মসচিব কৃষ্ণ কুমার নিরালাকে দায়িত্ব দেওয়া হয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, এই পর্যবেক্ষকদের মূল দায়িত্ব তিনটি বিষয়ে কড়া নজর রাখা। কোনও যোগ্য নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ না পড়েন। কোনও অযোগ্য ব্যক্তি যেন তালিকাভুক্ত না হন এবং দাবি-আপত্তি গ্রহণ থেকে শুরু করে গণনা, নোটিস নিষ্পত্তি ও চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ পর্যন্ত প্রতিটি ধাপেই যাতে স্বচ্ছতা ও নিয়ম মানা হয়, তা নিশ্চিত করা। সংবিধানের ৩২৪(৬) ধারা অনুযায়ী এই পর্যবেক্ষকরা পুরো প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণে কাজ করবেন। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালের সঙ্গে সমন্বয় রেখে এই পর্যবেক্ষকেরা রাজ্যের বিভিন্ন প্রান্তে সরেজমিনে পরিদর্শন করবেন এবং এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি খতিয়ে দেখবেন। তবে তাঁদের ক্ষমতার সীমাও স্পষ্ট করে দেওয়া হয়েছে। কোনও অবস্থাতেই স্পেশাল রোল অবজার্ভাররা স্থানীয় নির্বাচন কর্মীদের সার্টিফিকেট বা শংসাপত্র দিতে পারবেন না। যদি কোনও আধিকারিক বা কর্মীর কাজ প্রশংসার যোগ্য বলে মনে হয়, সে ক্ষেত্রে তা প্রস্তাব আকারে সরাসরি নির্বাচন কমিশনের কাছে পাঠাতে হবে পর্যবেক্ষকদের।

Be the first to comment