বাগদী পাড়ার টোপর পাড়ি দিচ্ছে বিদেশে, কৃষ্ণনগরের সাজশিল্পে আন্তর্জাতিক স্বীকৃতি

Spread the love

নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: কৃষ্ণনগরের নাম উঠলেই সাধারণত মাটির পুতুল কিংবা সরপুরিয়া–সরভাজার কথাই মাথায় আসে। অথচ ইতিহাস আর বর্তমান—দুই মিলিয়ে এই শহর শিল্প–ঐতিহ্যের আরও নানাদিক বহন করে চলেছে। তারই মধ্যে উল্লেখযোগ্য সাজশিল্প। শহরের বাগদী পাড়ায় বহু বছর ধরে প্রতিমার সাজশিল্পের যে পরম্পরা রয়েছে, সেই ধারাকে আজ নতুন পরিচিতি দিচ্ছেন দুই শিল্পী—নীলু বাগ ও মনোজ বাগ।

শীতের মরশুম মানেই বিয়ের সময়। আর হিন্দু বাঙালি বিয়েতে নববধূ–বরের অন্যতম পরিচিত অলঙ্করণ ‘মুটুক’ (টোপর)। কৃষ্ণনগরের বাগ ব্রাদার্স প্রতিমা সাজানোর পাশাপাশি বহুদিন ধরে নিজেদের দক্ষতায় তৈরি করে চলেছেন এই মুটুক। সূক্ষ্ম নকশা, আধুনিকতার ছোঁয়া আর নিখুঁত শৈল্পিকতা—সব মিলিয়ে এই শিল্প আজ আলাদা মর্যাদা পেয়েছে।

শুধু দেশেই নয়, বিদেশেও ছড়িয়ে পড়েছে কৃষ্ণনগরের এই শিল্পপণ্য। আমেরিকা, ফ্রান্স, ইতালি সহ বিশ্বের নানা প্রান্তে পৌঁছে যাচ্ছে বাগদী পাড়ার তৈরি মুটুক। শিল্পীরা জানিয়েছেন, সাজশিল্পের এই ঢেউ এখন দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক বাজারেও পরিচিতি বাড়াচ্ছে।

স্থানীয়দের মত, কৃষ্ণনগরের গৌরব বৃদ্ধিতে এ এক অনন্য অধ্যায়। মাটির শহর কৃষ্ণনগরের আরও এক শিল্প–দিশা আজ দেশজোড়া গর্বের কারণ হয়ে উঠেছে।

নীচে ছবিতে ধরা রইল বাগদী পাড়ার সেই শিল্প ও শিল্পীদের কর্মযজ্ঞ—যার হাত ধরে শহরের ঐতিহ্য পৌঁছে যাচ্ছে দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশের মাটিতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*