রোজদিন ডেস্ক : বহুতল, আবাসনগুলিতে ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করার কমিশনের একতরফা সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানাল তৃণমূল কংগ্রেস। এর বিরোধিতা করে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক বা সিইও-র কাছে চিঠি দিলেন মন্ত্রী তথা তৃণমূল নেতা অরূপ বিশ্বাস। তবে সিইও দফতর সাফ জানিয়ে দিয়েছে, ওই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া তাঁদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। সিইও মনোজ আগরওয়াল জানান, বিষয়টি নির্বাচন কমিশনের আওতাধীন। সেই কারণে মন্ত্রীর চিঠি কমিশনে পাঠিয়ে দেওয়া হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত সেখানেই নেওয়া হবে বলে স্পষ্ট করেছেন সিইও। কমিশন সূত্রে খবর, আগামী ২২ ডিসেম্বরের মধ্যেই রাজ্যের সমস্ত আবাসন, বহুতল-এর তালিকা সিইও দপ্তরে চলে আসবে। সেই তালিকা পাওয়ার পর তা নির্বাচন কমিশনের কাছে পাঠিয়ে দেওয়া হবে। ওই তালিকার ভিত্তিতেই নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যের কতগুলি হাইরাইজ আবাসনে ভোটগ্রহণ কেন্দ্র করা হবে। ভোটারদের সুবিধা, নিরাপত্তা এবং নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, সব দিক খতিয়ে দেখেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে কমিশন। তৃণমূল কংগ্রেস অবশ্য প্রথম থেকেই এই সিদ্ধান্তের বিরোধিতা করে এসেছে।

Be the first to comment