রোজদিন ডেস্ক : মনরেগা-সহ একাধিক বিষয়ে পরস্পরের বিরুদ্ধে তুমুল বাকযুদ্ধে জড়িয়ে ছিলেন তাঁরা। আজ সংসদ মূলতুবির পর তাঁদেরই দেখা গেল খোশ মেজাজে আলাপ আলোচনা করতে। প্রতিবারের মত এবারও লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা চা চক্রে আমন্ত্রণ করেন সব সাংসদদের। এতে অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী-সহ কংগ্রেসের সাংসদরা। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অধ্যক্ষ ওম বিড়লার কাছাকাছি আসনেই ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী। কথাচ্ছলে তিনি জানান, ওয়েনাদ থেকে তিনি এলার্জির ভাল আয়ুর্বেদ ওষুধ আনেন। এই নিয়ে জানতে চান প্রধানমন্ত্রী , প্রতিরক্ষা মন্ত্রী।
সদ্য তিন দেশ সফর কেমন হল প্রধানমন্ত্রীর কাছে জানতে চান প্রিয়াঙ্কা গান্ধী। ত্রিশ মিনিটের এই চা-চক্রে উপস্থিত সব সাংসদই হালকা মেজাজে ছিলেন বলে জানা যায়।

গতকাল তাঁর নির্বাচন কেন্দ্র ওয়েনাদের রাস্তা ঘাটসহ নানা বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করির সঙ্গেও বৈঠক করেন প্রিয়াঙ্কা। হৃদ্য পরিবেশে তাঁদের কথা হয় বলে জানা যায়।
নির্ভর যোগ্য সূত্রে প্রকাশ, এই চা চক্রে আরএসপি সাংসদ এন কে প্রেমচন্দ্রন এর প্রশংসা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বিতর্কে যোগ দেওয়া এই সাংসদ রীতিমত তৈরি হয়ে আসেন বলে জানান। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, অর্জুন মেঘওয়াল, প্রিয়াঙ্কা গান্ধীও তাঁর বক্তব্য সমর্থন করেন।
শীতকালীন অধিবেশন সংক্ষিপ্ত হওয়া নিয়ে অনেক সাংসদ অনুযোগ করেন বলে জানা যায়। প্রধানমন্ত্রী সহাস্যে জানান, তিনি তাঁদের গলার ওপর বেশি চাপ দিতে চান না। উল্লেখ্য, মনরেগা প্রকল্পে মহাত্মা গান্ধীর নাম বাদ দেওয়ার প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে সরকারকে লাগাতার আক্রমণ চালিয়েছেন বিরোধীরা। পারস্পরিক বাদ বিতন্ডায় উত্তপ্ত হয়েছে সংসদ।
হরিয়ানা বিধানসভার অধিবেশন নিয়ে প্রধানমন্ত্রী কংগ্রেসের কুমারী শৈলজার কাছে খোঁজ খবরও নেন।
চলতি বছর এটিই সংসদের শেষ অধিবেশন বলে অভিজ্ঞ মহল মনে করেন। আগামী বছর সংসদের বাজেট অধিবেশন বদবে।

Be the first to comment